মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার বাউরভাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছে। আজ সোমবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো সিলেটের ওসমানীনগর থানার ভাড়েরা গ্রামের মানিক মিয়ার ছেলে আজাদ মিয়া (১৫), একই থানার নূরপুর গ্রামের ছমরু মিয়ার শিশুকন্যা আয়েশা বেগম (৯) এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের সুহেল মিয়া (২৫)। তারা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাউরভাগ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী একটি বাস মৌলভীবাজারগামী সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়। আহতদের মধ্যে রেছনা বেগম (২৮) নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা মৌলভীবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিত্সা নিয়েছে।মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ শাহীনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে।