মৌলভীবাজারে সড়কে ভ্রাম্যমাণ দোকানের দৌরাত্ম্য
মৌলভীবাজার পৌর এলাকার সড়কে সড়কে এখন ভ্রাম্যমাণ দোকানের ছড়াছড়ি। রাস্তার পাশে ভ্যানগাড়িতে বিক্রি হচ্ছে ফল, সবজি-আনাজ, মশলাপাতি এমনকি কাপড়-চোপড়ও। এই দোকানগুলো সারিবদ্ধভাবে শহরের ব্যস্ততম এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকে। স্থায়ী ভ্রাম্যমাণ দোকানের পাশাপাশি প্রতিদিন এসে ভিড় করে মৌসুমী ব্যবসায়ীরাও। এতে সড়কগুলোতে যেমন সাধারণ পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে তেমনি তৈরি হচ্ছে কৃত্রিম যানজটের।সরেজমিনে দেখা গেছে, শহরের ব্যস্ততম চৌমোহনা এলাকার চারটি রাস্তায়, কোর্ট রোড, টিসি মার্কেট, মনু নদের সেতুর ওপর ও ঢালু অংশ, সাইফুর রহমান সড়কের চৌমোহনা এলাকা থেকে পশ্চিম বাজার, কুসমবাগ এলাকাসহ ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ দোকানের পসরা। সকাল থেকে কোনো কোনো স্থানে প্রায় মধ্যরাত পর্যন্ত পণ্য বিক্রির জন্য ভ্যানগাড়িগুলো দাঁড়িয়ে থাকে।প্রত্যক্ষদর্শীরা জানায়, মনু নদের সেতু এমনিতেই ঝুঁকিপূর্ণ।এরপরও সেতুর ওপর ও ঢালু অংশে ভ্যানগাড়িতে করে ফল, বাদাম, সবজি ও অন্যান্য পণ্যের শতশত দোকান বসে। তখন যানবাহন ও পথচারীদের রীতিমতো ঝামেলার মধ্য দিয়ে চলাচল করতে হয়। অনেকেই রাস্তার প্রায় মাঝখানে রিকশা, প্রাইভেট কার, মাইক্রোবাস দাঁড় করিয়ে কেনাকাটা সারেন। এতে করে রাস্তায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।এসব ভ্রাম্যমাণ দোকানের বিক্রেতারা জানান, কিছু কিছু ভ্রাম্যমাণ দোকানমালিক ১২ মাসই শহরের বিভিন্ন সড়কে বা ফুটপাতজুড়ে ভ্যানগাড়িতে করে পণ্য বিক্রি করেন। তবে বেশির ভাগ দোকানের মালিকই অন্য জেলা থেকে দু-তিন মাসের জন্য আসেন। পণ্য বেচাকেনা করে তাঁরা আবার চলে যান। এসব মৌসুমি দোকানদারের কারণেই হঠাত্ হঠাত্ ভ্যানের সংখ্যা বেড়ে যায়। তাঁরা ক্রেতাদের নজরে পড়ার জন্য শহরের ব্যস্ত এলাকাগুলোয় দাঁড়িয়ে থাকেন। তাঁদের কারণেই যানজট বেশি লাগে।ভ্যানগাড়িতে করে ব্যবসা করা জিয়াউর রহমান, রুকু আহমদ প্রমুখ জানান, বছরে একবার-দুইবার পৌরসভা উচ্ছেদ অভিযান চালায়। তখন তাঁরা রাস্তা ছেড়ে সরে যান। আবার দু-একদিন পর এসে দোকান সাজান। তখন নির্বিঘ্নে কিছুদিন ব্যবসা করতে পারেন তাঁরা। এ জন্য তাঁদের কাউকে চাঁদা দিতে হয় না। শুধু শহরের টিসি মার্কেট এলাকায় দাঁড়ালে বাজারের ইজারাদারকে পাঁচ টাকা করে দিতে হয় বলে তাঁরা জানান।এ বিষয়ে মৌলভীবাজার পৌর মেয়র ফয়জুল করিম বলেন, ‘ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত আছে। মাঝেমধ্যেই এসব ব্যবসায়ীর জিনিসপত্র আটক করা হয়ে থাকে। উচ্ছেদ অভিযান পরিচালনার পরই আবার তাঁরা এসে বসে যান। রাস্তা যানজটমুক্ত রাখতে আমাদের দিক থেকে চেষ্টার ত্রুটি নেই।’