মৌলভীবাজারে হাওর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওর থেকে আজ বুধবার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উপজেলার পশ্চিম জায়ফরনগর গ্রামের রসময় বিশ্বাসের (৭০) বলে স্বজনেরা জানায়। রসময়ের স্বজনদের ভাষ্য, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ছেলে বাসুদেব বিশ্বাসকে (১৪) নিয়ে নৌকায় করে পাশের হাকালুকি হাওরে মাছ ধরতে যান রসময়। এরপর থেকে তাঁরা নিখোঁজ। আজ সকাল নয়টার দিকে রসময়ের লাশ হাওরে ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসুদেব নিখোঁজ রয়েছে। স্থানীয় লোকজনের ধারণা, গতকাল দুপুরের দিকে বয়ে যাওয়া ঝড়ে নৌকা ডুবে রসময় মারা যেতে পারেন। জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল খালেক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।