গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাইকোর্টে হাজিরা দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে তিনি হাজির হন। কাল মঙ্গলবারও তাঁকে হাজিরা দিতে হবে। এ ব্যাপারে তাঁর আবেদন যথাযথভাবে দাখিল করতে বলা হয়েছে।আদালত অবমাননার মামলায় হাইকোর্টে হাজির না হওয়ায় গতকাল রোববার ওই বেঞ্চ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। তবে তিনি আদালতে হাজির হলে ওই আদেশ প্রত্যাহারের কথাও আদেশে বলা হয়।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান আজ সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হন। এরপর আদালতের নির্দেশে বেলা সোয়া ১১টা থেকে বিরতি দিয়ে দুই ঘণ্টারও বেশি সময় কাঠগড়ায় (ডকে) দাঁড়িয়ে ছিলেন জেলা প্রশাসক।জানা যায়, মৌলবীবাজারের জলমহালের খাজনা নেওয়ার নির্দেশনা চেয়ে গত এপ্রিলে রিট আবেদন করেন জিলু মিয়া। এর পরিপ্রেক্ষিতে ২১ এপ্রিল আদালত খাজনা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। কিন্তু এই নির্দেশনা বাস্তবায়ন না করায় ১১ আগস্ট হাইকোর্টে আদালত অবমাননার মামলা হয়। এতে আদালত রুল জারি এবং ওই জেলা প্রশাসককে ২২ আগস্ট হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু ওই দিন তিনি আদালতে হাজির হননি। পরে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।