মৌলভীবাজারের তিন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন
মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় গতকাল বুধবার বিকেল চারটা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে প্রায় ৩০ হাজার গ্রাহক চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।ভুক্তভোগী গ্রাহক ও সংশ্লিষ্ট বিদ্যুত্ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত পিডিবির একটি উপকেন্দ্র থেকে উত্স লাইনের মাধ্যমে কুলাউড়া উপকেন্দ্রে বিদ্যুত্ সরবরাহ করা হয়। ওই বিদ্যুৎ দিয়ে কুলাউড়াসহ আশপাশের জুড়ি ও বড়লেখা উপজেলায় চারটি ফিডার লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। ৪৫ কিলোমিটার দীর্ঘ ফেঞ্চুগঞ্জ-কুলাউড়া বিদ্যুতের উত্স লাইনে ত্রুটির কারণে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এতে তিনটি উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিটি (পবিস) প্রায় ৩০ হাজার গ্রাহক দুর্যোগের মধ্যে পড়েছেন।সূত্র জানায়, গতকাল বিকেল চারটার দিকে ফেঞ্চুগঞ্জ উত্স লাইনের কুলাউড়া ফানাইর হাওড় এলাকায় উত্স লাইন থেকে একটি তার আকস্মিক ছিড়ে পড়লে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় ভাবসা গরমে অনেক গ্রাহকেরা নির্ঘুম রাত কাটিয়েছেন। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় সময় পার হলেও লাইনটি মেরামতে কার্যকর কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা। এ ব্যাপারে পিডিবির কুলাউড়া উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী এম এ কাদির মুঠোফোনে প্রথম আলো অনলাইনকে জানান, ‘গতকাল দিবাগত রাত একটা পর্যন্ত চেষ্টা চালিয়েও লাইনটি মেরামত করা সম্ভব হয়নি। লাইনটি মেরামতে চেষ্টা চলছে।’ তবে কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে সে বিষয়ে তিনি নিশ্চিত কিছু জানাতে পারেননি।