মৌসুমি আয়ের প্রস্তুতি এখনই
আশুলিয়ার পল্লী বিদ্যুৎ নামের একটি বাজারে ঢুকতেই চোখে পড়ল ছোট একটি দোকান, যা আগে এখানে ছিল না। ২০ বছর বয়সের মো. রহমতউল্লাহ রাসেল টুপি, পাঞ্জাবি ও বাচ্চাদের জামা-কাপড় বিক্রি করছেন। তাঁর বেচাকেনা বিষয়ে জানতে চাইলে বলেন, ‘এখানে এক মাসের বেশি সময় ধরে এই দোকান দিয়েছি। প্রথমে টি-শার্ট বিক্রি শুরু করি। সামনে রমজান মাস, তার পরই ঈদ। এ সময় টুপি, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক-আশাক বেশ বিক্রি হবে। তাই এ ধরনের জিনিসপত্র এনেছি। এ ছাড়া মৌসুম অনুযায়ী বিভিন্ন পণ্য বিক্রি করব। এতে বিক্রি যেমন ভালো হয়, তেমনই পুঁজিটাও আটকে থাকে না।’ সব খরচ বাদ দিয়ে আয়ও খারাপ হয় না বলে জানান রাসেল।বছর ঘুরে আসছে রমজান মাস। রমজান শেষেই ঈদের আনন্দ। এই আনন্দ ঘিরে অনেক আগে থেকেই থাকে ব্যাপক প্রস্তুতি। শিশু-কিশোর থেকে সব বয়সের মানুষ মেতে ওঠে এই উৎসবে। পোশাক-আশাক ছাড়াও ঈদের কার্ড দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং আপনজনকে বিভিন্ন ধরনের উপহারসামগ্রী দিয়ে থাকে। ফলে রমজানের শুরু থেকেই এ উৎসব ঘিরে মৌসুমি আয়ের সুযোগ রয়েছে। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যান্য উৎসবে বা স্থায়ী ব্যবসা-বাণিজ্যের সুবিধা পাবেন।প্রথমে ভাবতে হবে: রমজান শুরু হতে এখনো কয়েক দিন বাকি। তাই আগে থেকে ধরন বুঝে শুরু করতে পারেন মৌসুমি ব্যবসা। আপনার পুঁজি অনুযায়ী পণ্য নির্বাচন করুন। বিশেষ করে, কোন এলাকায় কী ধরনের জিনিস চলবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। রমজানের ইফতারি থেকে শুরু করে পোশাক-আশাক, ঈদের শুভেচ্ছা কার্ড, টুপি, বিভিন্ন ধরনের সুগন্ধি এবং নানা রকম উপহারসামগ্রী বেশ বিক্রি হবে। সব ঠিকঠাক থাকলে আপনিও সামান্য পুঁজি নিয়ে সুযোগ নিতে পারেন এই মৌসুমি ব্যবসার।ইফতারি: ঘরে ঘরে রমজান মাসে যেমন ইফতারি তৈরি হয়, তেমনই অনেককে বাজার থেকে কিনেও খেতে হয়। ঢাকার এক চায়ের দোকানি মো. আল-আমিন জানালেন, চা বিক্রির পাশাপাশি তিনি তাঁর দোকানে প্রতিবছর রমজান মাসে ইফতারির আয়োজন করেন। তিনি বলেন, ‘কম পরিশ্রমে সামান্য পুঁজিতেই এ ব্যবসা করা যায়। এলাকার অধিকাংশ মানুষ পরিচিত হওয়ায় এসব বিক্রি করতে আমাকে খুব একটা বেগ হতে হয় না। তা ছাড়া বিক্রির জন্য সর্বোচ্চ ঘণ্টা দুয়েক সময় দিলেই হয় এবং এর জন্য খুব বেশি জায়গারও দরকার হয় না।’পোশাক-আশাক: নতুন পোশাক-আশাক ছাড়া ঈদ উৎসবের কথা ভাবাই যায় না। ছোট-বড় সবারই চাই নতুন পোশাক। বিশেষ করে, পাঞ্জাবি না হলেই নয়। তাই এ ক্ষেত্রে বিনিয়োগ অনেকটা নিরাপদ ও লাভজনক। তবে পোশাক-আশাক কেনার সময় ক্রেতার চাহিদার কথা চিন্তা করে রং ও ডিজাইন বাছাই করুন। পাইকারি দামে পাঞ্জাবি কিনতে পারেন ঢাকার গুলিস্তানের বঙ্গবাজার থেকে। এ ছাড়া সদরঘাট ও ইসলামপুরে পাঞ্জাবির পাইকারি বাজার রয়েছে। এসব জায়গা থেকে পাঞ্জাবি কিনতে দেখে-শুনে ভালোভাবে বা অভিজ্ঞতাসম্পন্ন পরিচিত কেউ থাকলে কিনতে সুবিধা হবে। ঢাকার বাইরের জেলা শহরগুলোর পাইকারি বাজার থেকেও সংগ্রহ করতে পারেন। এ ছাড়া নিজে পোশাক তৈরি করে প্রদর্শনীর আয়োজনও করতে পারেন। প্রদর্শনীতে ক্রেতাদের আগ্রহ থাকলে দোকানও দিতে পারেন। টুপি ও সুগন্ধি: নামাজের জন্য টুপি ও জায়নামাজ প্রয়োজনীয় উপকরণ। তবে রমজান ও ঈদের নামাজে সবকিছুর সঙ্গে নতুন টুপি ও জায়নামাজও বাদ যায় না। এর সঙ্গে সুগন্ধি তো থাকতেই হবে। তাই এ সময় টুপি ও অন্য সামগ্রীর ব্যাপক চাহিদা থাকে। সামান্য পুঁজিতেই সহজে শুরু করতে পারেন এ ব্যবসা। ঢাকার চকবাজার ও বায়তুল মোকাররম মসজিদের আশপাশের এলাকায় এসব সামগ্রীর রয়েছে বেশ কিছু পাইকারি দোকান।ঈদের শুভেচ্ছা কার্ড: কার্ডের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় পুরোনো রীতি, যা এখনো প্রায় সবাই মানে। ঈদে আপনজনকে একটা কার্ড পৌঁছে দিতে চান তাঁরা। তাই ঈদ ঘিরে ঈদের শুভেচ্ছা কার্ডের ব্যবসার বেশ সুযোগ রয়েছে। আপনি চাইলে বিনিয়োগ করতে পারেন এ খাতে। বিভিন্ন প্রকাশনা থেকে রকমারি কার্ড পাইকারি দামে কিনে আনতে পারেন, আবার ক্রেতার চাহিদা বিবেচনা করে নিজেও ডিজাইন করে কার্ড তৈরি করে বিক্রির পাশাপাশি এলাকার দোকানগুলোতে সরবরাহ করতে পারেন এবং এ জন্য বেশি বিনিয়োগও করতে হবে না। ঢাকার বাংলাবাজার, পুরানা পল্টন ও নিউমার্কেট এলাকায় দেশের বড় বড় প্রকাশনার পাইকারি দোকান আছে। এখান থেকে পাইকারি দামে কার্ড কেনা যাবে। তবে কার্ড কেনার সময় অবশ্যই এর রং ও ধরন দেখে নিতে হবে। ঈদের অন্তত ১৫ দিন আগে কার্ড তৈরির কাজ শেষ করতে হবে। তাই যাঁরা এ ব্যবসা করতে চাইছেন, কিনে ফেলুন প্রয়োজনীয় কিছু উপকরণ। আর যাঁরা সৃজনশীল কাজ করতে চান তাঁরা কার্ড বানিয়েও ফেলতে পারেন।অন্য সামগ্রী: ঈদের সময় অনেকেই আপনজনকে নকশাজাতীয় সামগ্রী উপহার দিতে পছন্দ করেন। যেমন—বিভিন্ন ধরনের ফুলদানি, কাঠের ও মাটির তৈরি নানা সামগ্রী, শোপিস ইত্যাদি। তা ছাড়া ঈদের দিন ঘর সাজাতেও অনেকে এসব সামগ্রী কিনে থাকেন। তাই এদিকে বিনিয়োগের সঙ্গে সৃজনশীল মানসিকতা থাকতে হবে।এনে রাখতে হবে: যে ব্যবসাই করুন না কেন, একসঙ্গে সব সামগ্রী না কেনাই ভালো। অবিক্রিত সামগ্রী যাতে ফেরত দিতে পারেন, সেদিকে খেয়াল রাখুন। আপনার এই উদ্যোগ যেন কাউকে সমস্যাই না ফেলে, এ জন্য দোকান দেওয়ার স্থান বিষয়ে কর্তৃপক্ষ বা দায়িত্বশীল কারও অনুমতি নেওয়া ভালো।