মৌসুমি নিম্নচাপটি রাতে বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি সামান্য উত্তর ও উত্তর-পশ্চিমে সরে ঘনীভূত হয়ে গতকাল রাত নয়টায় রায়মঙ্গল নদীর পাড় দিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করেছে।পতেঙ্গা আবহাওয়া অফিস আজ শুক্রবার সকাল ছয়টায় জানায়, এরপর এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের স্থলভাগে অবস্থান করছিল। এটি ক্রমান্বয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাবে। সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর, কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দুই সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অফিস আরও জানায়, উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।