মৌসুমি নিম্নচাপে জলোচ্ছ্বাস-বৃষ্টি, তিন নম্বর সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমি নিম্নচাপটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনা ও বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ নিম্নচাপের প্রভাবে বরগুনা, টেকনাফসহ উপকূলীয় কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। একই সঙ্গে জলোচ্ছ্বাস ও তুমুল বৃষ্টিতে কয়েক হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বরগুনা থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, আজ সকাল থেকে দমকা হাওয়া ও বৃষ্টির পাশাপাশি নদীর পানি বিপদসীমার ৩৪ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে সাড়ে তিন ফুট পানি বৃদ্ধি পাওয়ায় জেলার ১৫টি চর এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় বসবাসকারী প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।আমাদের টেকনাফ প্রতিনিধি জানিয়েছেন, আজ জোয়ারের পানি, বৃষ্টি ও পাহাড়ি ঢলে টেকনাফের অধিকাংশ গ্রাম জলোচ্ছ্বাসে প্লাবিত হয়। এতে এলাকার বহু ঘরবাড়ি, রাস্তাঘাট, চিংড়িঘের, খেত, বিদ্যালয়, মসজিদ পানিতে তলিয়ে গেছে। কয়েক হাজার মানুষ গৃহবন্দী হয়ে রয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি আরও উত্তর দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল নয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ খুলনা ও বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলো কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।