মৌসুমি বই নাগরিক মেলা
আমাদের চোখের সামনেই বইমেলা আস্তে আস্তে গড়ে উঠল। খুব অল্প পরিসরে এর শুরু করেছিলেন মুক্তধারার চিত্তরঞ্জন সাহা। সেটাই ধীরে ধীরে এই জাতীয় রূপটি পেয়েছে। ছায়ানট যেমন পয়লা বৈশাখ শুরু করেছিল, এখন সেটা জাতীয় উত্সব, বইমেলাও তেমনি একটি জাতীয় মেলা হয়ে গেছে। এ মেলায় অনেক রকম অসুবিধা আছে: জায়গার স্বল্পতা আছে, ধুলোকাদা তো আছেই। টয়লেটের অবস্থা খুবই সঙ্গিন; মেয়েরা বা বাচ্চারা দূরে থাক, পুরুষেরাই সেখানে যেতে পারে না। বাংলা একাডেমী দায়িত্ব নিয়ে প্রতিবছর মেলাটা করে। অনেকে ঐতিহ্যের কথা তুলে বলেন, মেলা বাংলা একাডেমীতেই হতে হবে, এত দিন ধরে হচ্ছে। আমি সেটা মনে করি না। এটা তো খুব বেশিদিনের ঐতিহ্য নয়। মেলা বাংলা একাডেমীর তত্ত্বাবধানেই হোক, কিন্তু একটু বড় জায়গায় হোক। সোহরাওয়ার্দী উদ্যানে হতে পারে। বাণিজ্য মেলার ভেন্যুটিও বিবেচনা করা যেতে পারে; লাখ লাখ মানুষ তো অনায়াসে সেখানে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করে সেখানকার খেলার মাঠেও মেলা হতে পারে। শুধু মেলার মাসেই বইয়ের রবরবা, আর বাকি সারা বছর বই নিখোঁজ। ঢাকার বাইরে বই পাওয়া বা কেনার সুযোগ খুবই সীমিত। আমি তো একটা জেলা শহরে থাকি। নীলফামারী—আমার বাড়ি, আমার নির্বাচনী এলাকা। এই শহরে একটা ভালো বইয়ের দোকান নেই, যেখান থেকে পছন্দসই বই কেনা যায়। চিত্রটা সারা দেশে একই রকম। বিভাগীয় শহরগুলোতেও সমৃদ্ধ বইয়ের দোকান বিরল। এসব ঘাটতির কারণে বইমেলার তাত্পর্য সারা দেশের মানুষকে স্পর্শ করতে পারছে না। আয়োজকেরা নতুনভাবে না ভাবলে এসব সমস্যার নিরসন হবে না। বইমেলা শুধু ঢাকায় কেন হবে? অন্যান্য বিভাগীয় শহরে, জেলা-উপজেলায় মেলা ছড়িয়ে দেওয়া দরকার। কেউ হয়তো প্রথম আলোতে পড়ল এই বইগুলো ভালো। এখন গ্রামের বা মফস্বলের একজন পাঠক বইটি পাবে কী করে? তার তো কোনো উপায় নেই। প্রকাশনার বিষয়বস্তু খুবই সীমিত। মুক্তিযুদ্ধ নিয়েই তো ভালো বই খুব একটা চোখে পড়ে না। অনেক বই বের হচ্ছে যেগুলোর ওপর ভরসা করা যায় না। সাধারণ ক্রেতাদের ঝোঁক শুধু উপন্যাসের দিকে। প্রবন্ধ বা কবিতার বইয়ের বিক্রি কম। প্রবন্ধ বলতেই যে ভারী হতে হবে এমন নয়। কলকাতায় একবার একটা বই দেখেছিলাম—ফেরিওয়ালার ডাক। কলকাতা শহরে যে ফেরি করে বেড়ায় লোকজন, তার একটা ইতিহাসের মতো বই। এ রকম কত বিষয় হতে পারে। আমাদের জীবন, প্রকৃতি, প্রাণবৈচিত্র্য, কৃষি, অর্থনীতি, সংস্কৃতি—এ রকম নানা বই হতে পারে। বইমেলা নিয়ে আগ্রহ সবারই আছে। এখন সংশ্লিষ্ট সবাই যদি উদ্যোগী হন, তবে বইমেলার তাত্পর্য ঠিকমতো ফুটতে পারে। বিশেষত, সরকার, সুধীসমাজসহ বাংলা একাডেমীর আন্তরিক উদ্যোগ এ ক্ষেত্রে অর্থবহ ভূমিকা পালন করতে পারে। আসাদুজ্জামান নূর: সাংস্কৃতিক ব্যক্তিত্ব