১৯৯৩ সালের কথা। আমি তখন স্কুলে পড়ি। ঈদে মুক্তি পেয়েছে কেয়ামত থেকে কেয়ামত। খবরের কাগজ থেকে জেনেছি, একেবারে নতুন নায়ক-নায়িকা নাকি এই ছবিতে অভিনয় করেছে এবং বলিউডের আমির খান ও জুহি চাওলা যে কেয়ামত ছে কেয়ামত তক ছবিটিতে অভিনয় করেছিল, সেই ছবিটিতেও নতুন ছেলেমেয়েরা অভিনয় করেছে। ঈদের পরদিন গেলাম ছবিটি দেখতে। ছবির নায়িকাকে দেখেই প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর মুখ, এত সুন্দর হাসি। ছবি দেখে বাড়ি ফিরে এলাম। কিন্তু মুখটা ভুলতে পারলাম না। ঘুরেফিরে বারবার সেই প্রিয় মুখটির কথাই মনে হতে লাগল।রাস্তায় কোথাও সিনেমাটার পোস্টার দেখলেই দাঁড়িয়ে যেতাম, ভালো করে খেয়াল করতাম মৌসুমীর মুখটির দিকে। মনে মনে বলতাম, ইশ্, যদি সামনাসামনি দেখতে পেতাম!যা হোক, এরপর অনেকগুলো দিন পেরিয়ে গেল। ভাগ্যের চাকা যেন আমার মনের ইচ্ছাই পূরণ করল। কীভাবে যেন আমি সিনেমায় কাজ করতে চলে এলাম। আমার প্রথম ছবির নাম অনন্ত ভালোবাসা। এ ছবিতে আমার নায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন। আমি অপেক্ষায় নিশ্চিত জানতাম, ছবির শুটিংয়ে মৌসুমী একদিন আসবেন। তাই ক্যামেরার সামনে দাঁড়াব, এই ব্যাপারটা যেমন আমার জন্য দারুণ রোমাঞ্চকর ছিল, তেমনই মৌসুমীকে সামনাসামনি দেখব, এই ভাবনাটাও ছিল দারুণ আনন্দের।আমার ভাবনা সত্যি করে মহরত শুরুর আগে মৌসুমী এলেন। আমি হাঁ হয়ে তাঁকে দেখলাম। কোনো রকমে থতমত খেয়ে গিয়ে বললাম, ভালো আছেন? জবাবে মৌসুমী হাসলেন, আমি যেন খুশিতে আত্মহারা হয়ে গেলাম। শুটিং শুরু হলো। প্রথম দৃশ্যেই ছিল, ইরিনকে জড়িয়ে ধরতে হবে এবং তাকে দুই হাতে করে শূন্যে তুলতে হবে। তখন দুজনই প্রথম দিন কাজ করছি। অনেকের সামনে আমরা কেউই আসলে স্বাভাবিক হতে পারছিলাম না। আমাদের মধ্যে জড়তা স্পষ্ট। পরিচালক সোহানুর রহমান সোহান রাগ করছেন, কিন্তু আমরা তাতে আরও বেশি ঘাবড়ে যাচ্ছিলাম। এই অবস্থা দেখে মৌসুমী নিজেই উঠে এসে ইরিনকে বললেন, ‘দূর, তোমরা কী...। এই যুগের ছেলেমেয়ে, তার পরও তোমাদের মধ্যে এত জড়তা।’ এর পরই তিনি বললেন, ‘শাকিব আসো, আমাকে জড়িয়ে ধরো, আমি ইরিনকে দেখিয়ে দিচ্ছি।’ আমার কাছে মনে হলো, আমি যেন স্বপ্ন দেখছি। আমার প্রিয় নায়িকা, স্বপ্নের নায়িকা, তাঁকে সত্যি সত্যি হাতের নাগালে পাচ্ছি, এ যেন বিশ্বাসই হচ্ছিল না।মৌসুমীর কথামতো কাজ করলাম। পরিচালক বললেন, মৌসুমীকে শূন্যে তুলে ধরো। আমি তা-ই করলাম। তারপর শুধু মনে আছে যে, বুক ধড়ফড়ানি কাটাতে প্রথমেই বেশ কয়েক গেলাস পানি খেয়েছিলাম। এরপর ইরিনের সঙ্গে আমার শুটিং শুরু হলো।এক ফাঁকে সুযোগ বুঝে আমি মৌসুমীকে বললাম, ‘একটা অনুরোধ করি, আপু। আপনি আমাদের শুটিংয়ে নিয়মিত এলে আমি খুব খুশি হব।’ মৌসুমী পাল্টা প্রশ্ন করে বলেন, ‘মানে কী?’আমি সেদিন বলিনি কেন মৌসুমীকে আসতে বলেছিলাম। আজ বলছি, আমি আসলে আমার প্রিয় মুখটি বারবার দেখার আশাতেই তাঁকে আসতে বলেছিলাম।যা হোক, ছবির শুটিং ভালোভাবেই শেষ হলো। মৌসুমীর সঙ্গে আর দেখা হয় না। সবাই ছবি মুক্তির আনন্দ নিয়ে মেতে আছে। আমিও তাদের মধ্যে একজন, কিন্তু মৌসুমী না আসা পর্যন্ত যেন সেই আনন্দটা একশা হচ্ছিল না। পরে সিনেমা হলে যখন মৌসুমী ছবি দেখতে এলেন, বোধ করি আমার চেয়ে খুশি সেদিন আর কেউ হয়েছিল কি না সন্দেহ।এরপর দিন যায়। মৌসুমীর সঙ্গে ঘন ঘন দেখা হতে লাগল। বিভিন্ন অনুষ্ঠানে, বাসায় মৌসুমী দাওয়াত করেন, আমি সেই তীব্র আগ্রহ নিয়ে সেসব দাওয়াতে যাই। দিনে দিনে আমার ভালো লাগার অনুভূতি যেন আরও বাড়তে লাগল।আমার একটা গোপন কষ্ট আছে। আমি যখন সিনেমায় পুরোদমে ব্যস্ত নায়ক হয়ে সময় পার করছি, মৌসুমী তখন সিনেমা থেকে প্রায় বিদায় নিয়ে নিয়েছেন। তার পরও মৌসুমীর সঙ্গে দুটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। তুই যদি আমার হইতি রে ছবিতে আমি মৌসুমীর নায়ক। এরপর কাজ করলাম দেবদাস ছবিতে। মৌসুমী ছিলেন চন্দ্রমুখীর ভূমিকায়।একটা বিষয় বিস্ময় নিয়ে ভাবি, দিন যায়, মানুষের বয়স বাড়ে, কিন্তু আমার প্রিয় নায়িকা মৌসুমী যেন দিনে দিনে আরও সুন্দর হয়ে উঠছেন। আমাদের দেশে আগামী দিনে তাঁর মতো নায়িকা আর কেউ আসবে কি না, জানি না। যাঁকে দেখলেই মনে অজানা হাওয়া দোল খেয়ে যায়। আমি অনেক দেশেই শুটিং করতে গিয়েছি। কিন্তু মৌসুমীর মতো এমন সুন্দর মুখ কোথাও যেন দেখিনি। তিনি অনেক দিন আমাদের মধ্যে বেঁচে থাকুন। আপু, আপনার ভুবনজয়ী সুন্দর হাসিটা হেসে আমাদের মনটা ভালো করে দিন—এই প্রত্যাশাই সব সময় আপনার কাছে।