মৌসুমের শুরুতে পাটের পড়তি দামের ধাক্কা
দুই বছরের সুদিন পেরিয়ে সংকটের মুখে পড়েছে দেশের পাট খাত। মধ্যপ্রাচ্য-সংকটের ধাক্কায় বিশ্ববাজারে পাটের দামের রমরমা দিন খানিকটা ফিকে হয়ে যাচ্ছে। এর প্রভাবে বাজারে নতুন পাটের দাম কমতে শুরু করেছে। গত বছরের জুলাই মাসে পাট মৌসুম শুরু হয়েছিল দুই হাজার টাকা মণ দর দিয়ে। আগস্টের শেষে তা তিন হাজার টাকা পর্যন্ত উঠেছিল। অথচ এবার প্রতি মণ পাট মানভেদে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৬০০ টাকার বেশি দামে বিকোচ্ছে না। বাম্পার ফলনের খুশি পড়তি দামের কারণে উবে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর ধরে ভালো দাম পাওয়ায় এ বছর চাষিরা উৎসাহ নিয়ে পাটের চাষ করেছেন। কিন্তু সে অনুযায়ী সরকারি-বেসরকারি পাটকলগুলো পাট কেনার পরিমাণ বাড়ায়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বছর সাত লাখ হেক্টর জমিতে ৭৫ লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছিল। কিন্তু বেশি লাভের আশায় চাষিরা এবার প্রায় আট লাখ হেক্টর জমিতে পাট চাষ করেছেন।উৎপাদন বাড়লেও পাটের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তার কথা উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, লিবিয়ার ত্রিপোলি বন্দর বন্ধ থাকা এবং মধ্যপ্রাচ্য-সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে পাটের দাম কিছুটা কমেছে। ফলে দেশের বাজার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় হচ্ছে। মধ্যপ্রাচ্য-সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজারে দাম আবারও বাড়বে—এই আশা রেখে পাটমন্ত্রী বলেন, সরকারি পাটকলগুলো চলতি মাসের শেষ সপ্তাহে কেনা শুরু করলে পাটের দাম বাড়বে।বাড়তি চাহিদা তৈরি হয়নি: পণ্যের মোড়ক হিসেবে এখন পর্যন্ত খাদ্য বিভাগ ও বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান পাটের ব্যাগ ব্যবহার শুরু করেনি। ছয়টি সরকারি সার কারখানা, চিনিকল, সিমেন্ট কারখানা, চাল, আটাকলসহ বেশির ভাগ কারখানায় উৎপাদিত পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগ ব্যবহার করা হচ্ছে না। এ কারণে সরকারি-বেসরকারি বেশির ভাগ পাটকল মূলত রপ্তানিনির্ভরই রয়ে গেছে।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বন্ধ পাটকল চালু করার অঙ্গীকার ছিল। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) মালিকানাধীন ২৪টি পাটকলের মধ্যে ১৮টি চালু আছে। বর্তমান সরকারের আড়াই বছরে মাত্র দুটি বন্ধ পাটকল চালু করা হয়েছে। খুলনার খালিশপুর পাটকল ও সিরাজগঞ্জের কওমী জুট মিল ভিন্ন নামে চালু হলেও পূর্ণ ক্ষমতা নিয়ে উৎপাদনে যেতে পারেনি।এখনো বন্ধ রয়েছে চট্টগ্রামের আরআর জুট মিলস, এমএম জুট মিলস, খুলনার দৌলতপুর জুট মিলস ও নারায়ণগঞ্জের মনোয়ার জুট মিলস। চালু থাকা ১৮টি পাটকলের দৈনিক উৎপাদনক্ষমতা ৭০০ টন। বর্তমানে সেখানে দৈনিক ৬৫০ টন উৎপাদন হচ্ছে। এ কারণে সরকারি পাটকলগুলোতে পাটের বাড়তি চাহিদা তৈরি হয়নি।বিশ্ববাজারে দাম কমছে: দেশের কাঁচা পাটের সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) সূত্রে জানা গেছে, গত বছরের জুনের প্রথম সপ্তাহে প্রতি মণ যশোরের পাট দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকায় এবং ফরিদপুরের পাট দুই হাজার ৬০০ থেকে দুই হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। চলতি বছর যশোরের পাট এক হাজার ২০০ টাকা এবং ফরিদপুরের তোষা পাট এক হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। ফরিদপুর সদরের পাটচাষি আবু সায়ীদ প্রথম আলোকে জানান, দুই একর জমিতে পাটের চাষ করে তিনি কিছুটা দুশ্চিন্তায় আছেন। এ বছর এখনো প্রতি মণ পাটের দাম এক হাজার ৬০০ টাকা ছাড়ায়নি।বিজেএর সভাপতি মাহফুজুল হক বলেন, আন্তর্জাতিক বাজারে পাটের দাম কমে গেছে। এ কারণে চাষিদের কাছ থেকে বেশি দামে পাট কেনা যাচ্ছে না।দেশের প্রধান পাট রপ্তানিকারক সংস্থাগুলো সূত্রে জানা গেছে, গত দুই মাসে বাংলাদেশের অন্যতম প্রধান বাজার মধ্যপ্রাচ্যে পাট রপ্তানি প্রায় ২০ শতাংশ কমে গেছে। লিবিয়া, সিরিয়া ও সুদান রাজনৈতিক সংঘাতের কারণে এবং ইরান ও তুরস্ক ডলার-সংকটের কারণে পাট কেনা কমিয়েছে। এই সুযোগে পাটের অন্য আমদানিকারক দেশ চীন, ভারত ও পাকিস্তান পাটের দাম কমিয়ে দিয়েছে।বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, গত বছর বিশ্ববাজারে ১০০ হ্যাসিং ব্যাগ ১২৫ ডলারে বিক্রি হয়েছে। এই দর বর্তমানে ১১০ ডলারে নেমে এসেছে। পাটের সুতার দাম কমেছে সবচেয়ে বেশি। প্রতি টন পাটের সুতার দাম গত বছর ১২০০ থেকে ১২৫০ ডলারে বিক্রি হয়েছে। চলতি মাসে তা ৮৫০ থেকে ৯০০ ডলারে নেমে এসেছে।গত ২০১০-১১ অর্থবছরে কাঁচা পাট রপ্তানি বেড়েছিল রেকর্ড পরিমাণে। এবার পাট রপ্তানিকারকেরা পড়েছেন সমস্যায়। গত বছরের এই সময়ে প্রতি টন কাঁচা পাট ৭৫০ ডলারে বিক্রি হয়েছে, এবার তা কমে ৫২৫ ডলার হয়েছে।রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, গত অর্থবছরে সাড়ে পাঁচ লাখ টন পাটের সুতা ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে পাটের সুতার পরিমাণ ছিল তিন লাখ ৮০ হাজার টন। চলতি অর্থবছরে তা তিন লাখ ৩০ হাজার টনে নেমে আসতে পারে বলে আশঙ্কা করছে জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ)।বিজেএসএর সভাপতি শামসু-উজ-জোহা এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের পাটের সুতার সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্যের দেশগুলো। সংকটের কারণে মিসর, সিরিয়া ও লিবিয়ায় পাটজাত দ্রব্যের বিক্রি কমে গেছে। এখন তারা পাটের সুতার আমদানি কমিয়ে দেওয়ায় দামও কমেছে।সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ঊর্ধ্বতন গবেষক গোলাম মোয়াজ্জেম বলেন, বিশ্ববাজারে দাম কমায় দেশেও দর কমছে। পাট খাতের টেকসই উন্নয়নের জন্য কাঁচা পাটের দাম স্থিতিশীল রাখতে হবে। এ জন্য পণ্যের মোড়ক হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। এতে পাটের দামের ওপর আন্তর্জাতিক বাজারের নির্ভরশীলতা কমবে।গত অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে ১১১ কোটি ৪৯ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ছিল প্রায় ৪১ দশমিক ৫ শতাংশ, যা একটি নতুন রেকর্ড।