মৌয়ালেরা ছুটছেন সুন্দরবনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেলেপুলে খাবার জন্যি কাঁদলে আর জানের মায়া থাকি না, পরিবারের খোরাক জোগাতি বাধ্য হুয়ে বাঘের ডেরায় যাতি হয়। মরণকে সাথে নে-ই যাতি হয় বনে।’ মধু সংগ্রহের জন্য সুন্দরবনে যাওয়ার আগে বনসংলগ্ন ৯ নম্বর সোরা গ্রামের ষাটোর্ধ্ব বয়সী মৌয়াল আজগার আলী শেখ এভাবে জানান তাঁর বন অভিযানের নেপথ্য কথা। একই ধরনের কথা বলেন উপজেলার যতীন্দ্রনগর গ্রামের নিমাই বিশ্বাস, দাতিনাখালীর কওছার মোড়লসহ আরও অনেকে।প্রতিবছরের মতো এবারও ১ এপ্রিল থেকে সুন্দরবনে মধু সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত আড়াই মাস ধরে চলবে এই মধু সংগ্রহ অভিযান। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ৫০ জন মৌয়াল বন বিভাগের অনুমতি নিয়ে বনে ঢুকেছেন। অনেকেই অপেক্ষা করছেন মধ্য এপ্রিলে কেওড়া ও খলিশা এলাকায় মধু সংগ্রহে যাওয়ার জন্য।সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, এ বছর পশ্চিম সুন্দরবন থেকে চার হাজার মণ মধু এবং এক হাজার কেজি মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মৌয়ালদের মধ্যে বনে যাওয়ার তোড়জোড় শুরু হয়ে গেছে। মধ্য এপ্রিল থেকে মৌয়ালদের সংখ্যা বাড়বে বলে বন বিভাগের ধারণা। একটি দলে মৌয়ালের সংখ্যা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন পাঁচ, সর্বোচ্চ ১২। প্রতিটি দলকে মাসিক আট হাজার টাকা হারে রাজস্ব দিয়ে বনে ঢোকার অনুমতি নিতে হবে।সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থানের সংকটের কারণেই অনেকে জীবনের ঝুঁকি নিয়েও মধুর মৌসুমে বনে যান। যাঁরা মধু সংগ্রহ করেন, স্থানীয়ভাবে তাঁদের পরিচিতি ‘মৌয়াল’ নামে। এ অঞ্চলে মধু সংগ্রহ করা অনেকেরই পারিবারিক পেশা। বংশপরম্পরায় তাঁরা সুন্দরবন থেকে মধু ও মোম সংগ্রহ করে থাকেন। মধু সংগ্রহ করতে গিয়ে মৌয়ালরা অনেক সময় বাঘের কবলে পড়ে প্রাণও হারান। সুন্দরবনসংলগ্ন গ্রাম গাবুরার মৌয়াল গাজী সাহাজাহান আলী, বুড়িগোয়ালিনীর সরবত আলী ও হরিনগর গ্রামের আয়ুব আলী জানান, সহায়-সম্পত্তিহীন মৌয়ালরা বংশপরম্পরায় সুুন্দরবনে মধু সংগ্রহের কাজ করে আসছেন। অনেকেই মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হামলায় তাঁদের বাপ-দাদা ও ভাইকে হারানোর পরও বিকল্প কর্মসংস্থান না থাকায় এই পেশা ছাড়তে পারছেন না।বাঘের কবলে প্রাণ হারানোদের বিধবা স্ত্রীদের নিয়ে এখানে কাজ করছে বেসরকারি সংস্থা লির্ডাস। তাদের তথ্য অনুযায়ী, সুন্দরবনের কাঠ, গোলপাতা, মধু, মাছ ও কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত সাতক্ষীরা রেঞ্জেই ৩১২ জন বাঘের কবলে পড়ে মারা গেছে। আহত হয়েছে ১৫২ জন। তবে বন বিভাগের হিসাবে মৃত্যুর সংখ্যা ১৩৫। এদিকে চলতি বছরে মধু ও মোমসংগ্রহ মৌসুমে শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মৌয়ালদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক তৌফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা রফিকুল ইসলাম, মৌয়াল সামিমুল আক্তার ও আজগর আলী শেখ। কর্মশালায় মৌয়ালদের নিরাপত্তা, মধু সংগ্রহের সময় ডিমওয়ালা চাক না কাটা, আগুন ব্যবহারে সতর্কতা—এসবের প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া অনুমতি নিয়ে বনে প্রবেশকারী বনজীবীরা বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত হলে ক্ষতিপূরণ পাবেন বলে তাঁদের জানানো হয়। সে কারণে বিনা অনুমতিতে বনে না যেতে তাঁদের সতর্ক করে দেওয়া হয়।