ম্যাকার্টনির মাই ভ্যালেন্টাইনে নাটালি-জনি ডেপ
সম্প্রতি ‘মাই ভ্যালেন্টাইন’ গানের দুটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাবেক বিটলস তারকা স্যার পল ম্যাকার্টনি। তাঁর পরিচালনায় সাদা-কালোয় নির্মিত মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন হলিউডের দুই তারকা নাটালি পোর্টম্যান ও জনি ডেপ। সাইন ল্যাংগুয়েজ ব্যবহার করে ‘মাই ভ্যালেন্টাইন’ গানের কথা ফুটিয়ে তুলেছেন নাটালি ও ডেপ। মিউজিক ভিডিওগুলো নির্মাণে ম্যাকার্টনিকে সহায়তা করেছেন ‘দ্য ইটালিয়ান জব’খ্যাত অস্কার জয়ী ক্যামেরাম্যান ওয়ালি ফিস্টার। ‘মাই ভ্যালেন্টাইন’ গানটি নেওয়া হয়েছে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত ম্যাকার্টনির ‘কিসেস অন দ্য বটম’ অ্যালবাম থেকে। গানটির জন্য গিটার বাজিয়েছেন বিশ্বের সেরা গিটারবাদকদের অন্যতম এরিক ক্ল্যাপটন।উল্লেখ্য, গত বছর ন্যান্সি শেভেলকে বিয়ে করেছেন ম্যাকার্টনি। ন্যান্সির সঙ্গে কীভাবে প্রণয়ে জড়িয়েছিলেন—‘মাই ভ্যালেন্টাইন’ গানে সেটাই তুলে ধরেছেন ৬৯ বছর বয়সী এই সংগীতের মহারথী।