ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশি নোমান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের (সিডিডি) নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান সম্মানজনক র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন। দশম বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন নোমান খান। গতকাল সোমবার র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি এ বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করে। এ বছর নোমান খানসহ মোট সাতজন পেয়েছেন ‘এশিয়ার নোবেল’ হিসেবে খ্যাত এই পুরস্কার।১৯৯৬ সালে সাত সহকর্মীকে নিয়ে সিডিডি প্রতিষ্ঠা করেন এ এইচ এম নোমান খান। তাঁর নেতৃত্বে সংস্থাটি দেশের প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে আসছে। কমিউনিটি অ্যাপ্রোচেস টু হ্যান্ডিক্যাপ ইন ডেভেলপমেন্ট (সিএএইচডি) নামের দ্বিমুখী কৌশলের মাধ্যমে বাংলাদেশে প্রতিবন্ধী সমস্যার মোকাবিলা করছে তারা।পুরস্কারের জন্য নোমান খানকে মনোনীত করার ব্যাখ্যায় ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টি বলেছে, বাংলাদেশের উন্নয়নের মূল ধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। একটি সত্যিকারের প্রতিবন্ধকতামুক্ত সমাজ গড়তে তিনি সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে কাজ করছেন।এ বছর আরও পুরস্কার পেয়েছেন জাপানের তাদাতোশি আকিবা, ফিলিপাইনের ক্রিস্টোফার বারনিডো ও মা ভিক্টোরিয়া কার্পিও-বারনিডো এবং চীনের হুও দাইশান, পান ইউ ও ফু কিপিং। পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে একটি সনদ, একটি পদক ও নগদ অর্থ দেওয়া হবে। ৩১ আগস্ট ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কালচারাল সেন্টার অব দ্য ফিলিপিন্সে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ নিয়ে এশিয়ার ২৭৭ জনকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।এর আগে বাংলাদেশ থেকে লেখক ও সমাজকর্মী তাহরুন্নেছা আবদুল্লাহ (১৯৭৮), ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ফজলে হাসান আবেদ (১৯৮০), গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস (১৯৮৪), গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী (১৯৮৫), নটর ডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা রিচার্ড উইলিয়াম টিম (১৯৮৭), সমবায়কর্মী মোহাম্মদ ইয়াসিন (১৯৮৮), এনজিওকর্মী আঞ্জেলা গোমেজ (১৯৯৯), বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (২০০৪) ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান (২০০৫) এই পুরস্কার পান।