ম্যাগসাইসাই পেলেন রিজওয়ানা হাসান
এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০১২ পেলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকার জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন গতকাল বুধবার জানিয়েছে। র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের ওয়েবসাইটে বলা হয়, এ বছর বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও তাইওয়ানের ছয়জনকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। বাংলাদেশের সৈয়দা রিজওয়ানা হাসান ছাড়া অন্যরা হলেন ইয়াং সাইং কোমা, কুলান্দেই ফ্রান্সিস, অ্যামব্রোসিয়াস রুউইনদ্রিজার্তো, রমুলো দাভিদে ও চেন সু চু।পরিবেশ রক্ষার আন্দোলনে ন্যায়বিচারের বিষয়টিকে আপসহীনভাবে ও সাহসিকতার সঙ্গে সামনে নিয়ে আসায় বেলার প্রধান নির্বাহীকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ফাউন্ডেশন বলেছে, আইনি লড়াইয়ের মাধ্যমে দূষণকারীদের দূষণ থেকে বিরত রাখার ক্ষেত্রে সফলতা পেয়েছেন তিনি।প্রতিক্রিয়া জানাতে গিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যেও মনোবল শক্ত করে কাজ করলে যে অর্জন আসে, ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া তারই উদাহরণ। আমরা যে সঠিক কাজ করছি, সঠিক পথে আছি, এ পুরস্কার তারই স্বীকৃতি। বাংলাদেশের ১৬ কোটি মানুষ এখনো পরিবেশগত ন্যায়বিচার পাচ্ছে না। এ দেশের মানুষের জন্য পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই হবে আমার আগামী দিনের লক্ষ্য।’সৈয়দা রিজওয়ানা হাসান পেশায় পরিবেশবিষয়ক আইনজীবী। পরিবেশ রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাঁকে দিয়েছে ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাব। ওই পুরস্কার পাওয়ার পর রিজওয়ানা হাসানকে ‘হাড়গোড় গুঁড়িয়ে দেওয়ার’ হুমকিও দেওয়া হয়। কিন্তু তার পরও দমে যাননি তিনি। এশিয়ার সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত ম্যাগসাইসাই পুরস্কারের মধ্যে রয়েছে একটি সনদ, পদক ও ৫০ হাজার মার্কিন ডলার। আগামী ৩১ আগস্ট ফিলিপাইনে পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মান আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে। এদিন র্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিন।সৈয়দা রিজওয়ানা হাসান ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া দশম বাংলাদেশি। এর আগে বাংলাদেশের যাঁরা এ পুরস্কার পেয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, অ্যাঞ্জেলা গোমেজ, স্যার ফজলে হাসান আবেদ, তাহেরুন্নেসা আবদুল্লাহ, জাফরুল্লাহ চৌধুরী, আবদুল্লাহ আবু সায়ীদ, মতিউর রহমান প্রমুখ। এ ছাড়া বাংলাদেশে কাজ করে এ পুরস্কার পেয়েছেন মার্কিন নাগরিক রিচার্ড উইলিয়াম টিম যিনি এ দেশে ‘ফাদার টিম’ নামেই বেশি পরিচিত। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র্যামন ম্যাগসাইসাইয়ের স্মৃতিকে চিরজাগরূক করে রাখতে ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের রকেফেলার ব্রাদার্স ফান্ড-এর সহযোগিতায় তাঁর নামে এ পুরস্কার প্রবর্তন করা হয়। সে বছরই এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রেসিডেন্ট ম্যাগসাইসাই। সারল্য, বিনয়, সততা ও দরিদ্রদের জন্য ন্যায়বিচারের সংগ্রামের জন্য স্মরণীয় হয়ে আছেন তিনি।