ম্যাচ পঞ্চম দিনে নিয়ে গেল বাংলাদেশ
জুনায়েদ সিদ্দিক-মুশফিকুর রহিম জুটির দৃঢ়তায় চট্টগ্রাম টেস্টকে পঞ্চম দিনে নিয়ে যেতে পেরেছে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে ঘণ্টাখানেক ব্যাটিং করেই ২ উইকেট হারানো স্বাগতিকেরা পরের সেশনে হারিয়েছে আরও তিন উইকেটে। কিন্তু ষষ্ঠ উইকেটে ৩৭ ওভার ব্যাটিং করে ৮১ রানের অবিচ্ছন্ন জুটি গড়েছেন জুনায়েদ-মুশফিক। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৯১ রান। ৬৮ রান নিয়ে দিন শেষ করেছেন জুনায়েদ, আর মুশফিক ৪৭।এদিকে ৫০০ রানের বেশি তাড়া করতে নেমে বাংলাদেশ একটা কিছু করেও ফেলতে পারে—চতুর্থ দিন এমন স্বপ্নের কথা শুনিয়েছিলেন তামিম ইকবাল। সেই তামিমই আউট হলেন সবার আগে। ৫১৩ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বাদশ এবং গ্রায়েম সোয়ানের দ্বিতীয় ওভারেই ১৪ রান করে বোল্ড তামিম। ৪৫ রানে আরেক ওপেনার ইমরুলকেও হারানোর পর তৃতীয় উইকেটে ৫৪ রানের মাঝারি একটি জুটি গড়েছিলেন জুনায়েদ-আফতাব। ব্যক্তিগত ২৬ রানে আফতাবের বিদায়ের পর দ্রুতই ফিরে গেছেন মাহমুদউল্লাহ ও সাকিব। অবশ্য টিভি রিপ্লেতে পরিষ্কার বোঝা গেছে, সাকিবের এলবিডব্লিউয়ের সিধান্তটি ভুল ছিল। বল লেগেছিল গ্লাভসে।আজ সকালের দুটি উইকেটসহ ৬৫ রানে ৪টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ৫ উইকেটে ১৩১ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ২০৯ রান তুলে। ইয়ান বেল ৩৯ রান করেন আর গ্রায়েম সোয়ান ৩২ রানে অপরাজিত ছিলেন।