ম্যাচ পাতানোর কথা অস্বীকার করলেন শেন ওয়ার্ন
ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ পাতানোর সঙ্গে অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার জড়িত আছে বলে যে খবর বেরিয়েছে, তা অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও রাজস্থান রয়্যালসের অধিনায়ক শেন ওয়ার্ন।লন্ডনভিত্তিক একটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, আইপিএলে ম্যাচ পাতানো নিয়ে অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত ক্রিকেটারসহ ২৭ জনের বিরুদ্ধে তদন্তে নেমেছেন ভারতের আয়কর কর্মকর্তারা। তবে ভারতীয় আয়কর কর্মকর্তারা এ খবর ভিত্তিহীন উল্লেখ করে জানিয়েছেন, আইপিএলের কোনো ক্রিকেটারের বিরুদ্ধেই তাঁরা কোনো তদন্ত করছেন না। কর্মকর্তাদের এ বক্তব্য স্বস্তিকর বলে মন্তব্য করেছেন ওয়ার্ন।আইপিএলে নানা কেলেঙ্কারির কথা উঠে এসেছে। এসেছে ম্যাচ পাতানোর মতো অভিযোগও। তবে এসব ওয়ার্নকে অবাক করেনি বলে জানিয়েছেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন, কোনো রকম তথ্যপ্রমাণ ছাড়া একজন অসি ক্রিকেটার ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত—এমন খবর প্রকাশ করায় তিনি মর্মাহত।ওয়ার্ন বলছেন, ‘আমি জোর গলায় বলতে পারি, এর সঙ্গে অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার জড়িত নেই। আমি নিজে আইপিএলে খেলেছি। ম্যাচ পাতানো নিয়ে কোনো কথা আমি শুনিনি।’টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ পাতানো সম্ভব স্বীকার করে ওয়ার্ন বলেন, ‘অধিনায়ক জড়িত না থাকলে এ ধরনের ক্রিকেটে ম্যাচ পাতানো সম্ভব নয়।’ তবে সত্যি সত্যি যদি কোনো ক্রিকেটার ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন ৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক এ তারকা ক্রিকেটার। ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ক্রিকেটারকে আজীবন ক্রিকেট থেকে বহিষ্কারের পক্ষপাতি অস্ট্রেলিয়ার এই জীবন্ত স্পিন কিংবদন্তি।