ম্যাচ বাঁচাতে পারবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন উদ্‌যাপনের উপলক্ষ খুব কমই এসেছে খুলনা টেস্টে ছবি: শামসুল হক
এমন উদ্‌যাপনের উপলক্ষ খুব কমই এসেছে খুলনা টেস্টে ছবি: শামসুল হক

উদ্‌যাপনটা বাঁধভাঙা হলো না, বরং বেশ শান্ত-স্থির। তবে চোখেমুখে ছিল আত্মতৃপ্তির ছায়া। যেন অনেক বড় চাপ থেকে মুক্তি পেলেন মোহাম্মদ হাফিজ। কিন্তু তিনি ‘চাপে’ থাকবেন কেন? টেস্ট ক্যারিয়ারে সুসময় পার করছেন হাফিজ। সর্বশেষ চার ইনিংসে তাঁর রান ৯৬, ১০১*, ১৯৭ ও ২৪। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে ক্রিকেটের ছোট দৈর্ঘ্যে যেভাবে ব্যর্থ হয়েছেন, তাতে চাপটা ভালোই জেঁকে বসেছিল।
বড় খেলোয়াড় হওয়ার শর্তই তো চাপ ফুঁড়ে দারুণভাবে বেরিয়ে আসা। হাফিজও বেরিয়ে এলেন। মধ্যাহ্নভোজের বিরতির ৩৫ মিনিট পরে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। দ্বিশতক নিয়ে হাফিজের অবশ্য পুরোনো আক্ষেপ আছে। ২০১২ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে ফিরেছিলেন ১৯৬ রানে। গত বছর নভেম্বরে শারজায় ১৯৭ রান করে।
সে আক্ষেপ পেরিয়ে এলেন তিনি। তবে ডাবল সেঞ্চুরি করার আগে খানিকটা স্নায়ু চাপে যে ভোগেন নি, তা নয়। নইলে চার মেরে ১৯৮ রানে পৌঁছে বাকি দুই রানের জন্য ১১ বল সময় নেবেন কেন? শেষ পর্যন্ত তাঁর ইনিংসটা দাঁড়াল ২২৪ রানের। তাঁর ইনিংসটা থামল শুভাগত হোমের বলেই। লেগ স্লিপে দাঁড়ানো মাহমুদউল্লাহর হাতে ধরা পড়ে। বাংলাদেশের বিপক্ষে এটাই কোনো পাকিস্তানি ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রানের ইনিংস। আগের সর্বোচ্চটি ছিল ২০৪ রান, মোহাম্মদ ইউসুফের।
এই উইকেটে বড় ভুল না করলে উইকেট বাঁচিয়ে রান তোলা যেকোনো ব্যাপারই না, সেটা বেশ ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানি ব্যাটসম্যানরা কোনো সুযোগই দেননি। পাকিস্তানি বোলাররা যেখানে বাজে বল দেওয়ার ব্যাপারে খুবই সতর্ক ছিলেন, সেখানে উল্টো দশা বাংলাদেশের বোলারদের। প্রতি ওভারে এক-দুইটা ‘আলগা’ বল যেন না দিলেই নয়! পাকিস্তানি ব্যাটসম্যানরাও বাজে বলের প্রাপ্য বুঝিয়ে দিয়েছেন। এ কারণে ১২০ ওভারে বাংলাদেশ যেখানে ৩৩২ রানে গুটিয়ে গেল, একই সময় পাকিস্তানের সংগ্রহ দাঁড়াল ৪ উইকেটে ৪২৭ রান। দিন শেষে সেটি ৫ উইকেটে ৫৩৭। লিডটা ২০৫ রানে। তৃতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্টের এক ইনিংসে ৫০০ পার করল পাকিস্তান।
বড় সংগ্রহের জন্য টেস্টে ধারাবাহিক জুটি গড়া কতটা গুরুত্বপূর্ণ, সেটাও ভালোভাবে বুঝিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। প্রতিটি জুটিই তুলেছে ৫০ বা তারও বেশি রান। সামি আসলাম-হাফিজের উদ্বোধনী জুটি তুলল ৫০ রান। আজহার-হাফিজের দ্বিতীয় উইকেটে তোলা ২২৭ রানের পর আজ ইউনিস-হাফিজের তৃতীয় উইকেটে ৬২ রান। মিসবাহ-হাফিজের চতুর্থ উইকেটে ৬৩ রান। মিসবাহ-আসাদ শফিকের পঞ্চম উইকেট জুটিতে ৬৬ রান। আসাদ শফিক-সরফরাজ আহমেদও অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে তুলেছেন ৬৯।
দিনের শুরুতে শুভাগত হোম আজহার আলীকে ফিরিয়ে শুভ ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। আগের দিনের অপরাজিত ৬৫ রানের সঙ্গে আজ ২৩ রান যোগ করে শুভাগত হোমের জোরের সঙ্গে নিচু হয়ে আসা অফব্রেকে পরাস্ত হলেন আজহার। মধ্যাহ্নভোজের বিরতির খানিক পরই উইকেটে থিতু হওয়া ইউনিস খানকে তাইজুল ইসলাম ৩৩ রানে ফেরালে আনন্দের আরেকটি উপলক্ষ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এমন উপলক্ষ ‘নিয়মিত’ নয়, এল মাঝেমধ্যে। এ টেস্টে বাংলাদেশ খেলছে আট ব্যাটসম্যান নিয়ে। প্রথম ইনিংসে ৮ ব্যাটসম্যানের সুফল খুব একটা মিলল না। প্রথম ইনিংসে বোলিংয়েও ব্যবহার করা হলো আট বোলার! ফল? উত্তর নিশ্চয় ইতিমধ্যেই পেয়ে গেছেন।
গতকাল বোলারদের যেভাবে ব্যবহার করেছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। আজও একই সমালোচনার সুযোগ থাকল। লাঞ্চের পর নতুন বলে মোহাম্মদ শহীদ ৪ ওভারে দিলেন ৫ রান। পেলেন দুই মেডেন। যখন ছন্দে ফিরতে শুরু করেছেন, তখনই আক্রমণ থেকে সরিয়ে নেওয়া হলো শহীদকে। অবশ্য বাংলাদেশের দুই পেসারই এই টেস্টে নিষ্প্রভ। দুদিন ধরে হাত ঘুরিয়ে গেলেন, উইকেটের দেখা পেলেন না।
তবে সবচেয়ে হতাশ করেছে সাকিব আল হাসানের বোলিং। যাঁর টেস্ট ইকোনমি রেট ২.৯১। সেই সাকিব এখনো পর্যন্ত ওভার প্রতি রান দিয়েছেন ৩.৯৩। রান দেওয়ার ক্ষেত্রে তিনিই বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে, ১২২ রান। বিনিময়ে পাননি একটি উইকেটও। খণ্ডকালীন বোলার মাহমুদউল্লাহর ৪ ওভার বাদ দিলে সবচেয়ে খরচে বোলার সাকিবই। তাইজুল ১০০-এর ওপরে রান দিলেও উইকেটের বিচারে তিনিই সবচেয়ে সফল। নিয়েছেন ৩ উইকেট।
টেস্টে ম্যাচের ছবি বদলে দিতে একটা দুর্দান্ত সেশনই যথেষ্ট। কিন্তু বাংলাদেশ তেমন সেশন পেল কই? প্রথম সেশনে ১ উইকেটে ১০৬ রান, দ্বিতীয় সেশনে ২ উইকেটে ৮৮ ও শেষ সেশনে ১ উইকেটে ১১৬ রান। বাংলাদেশের জন্য যা একটু ‘স্বস্তি’ তা পাকিস্তানের ৫ উইকেট ফেলে দেওয়া। আসাদ শফিক-সরফরাজের জুটি ভাঙলেই পাকিস্তানি বোলারদের নামতে হবে ব্যাট হাতে। কাজেই আগামীকাল শুরুতেই লেজ মুড়ে দেওয়ার কাজটা করতে হবে বাংলাদেশের বোলারদের। অবশ্য সে সুযোগ পাকিস্তান অধিনায়ক দেবেন কিনা, সেটিও একটি বিষয়। লিডের কারণেই ইনিংস ঘোষণা পাকিস্তানের জন্য সময়ের ব্যাপার।
বাংলাদেশের দর্শকদের তো আক্ষেপটা এখানেই, যে ম্যাচ জয়ের ঘোষণা দিয়ে খেলতে নেমেছিল দল, সেটির নিয়ন্ত্রণ এখন পাকিস্তানের হাতে। খেলোয়াড়দের শরীরী ভাষা, ম্যাচের যে গতিপ্রকৃতি, প্রশ্নটা কিন্তু অনেক বেশি জোরালো, ম্যাচ বাঁচাতে পারবে তো বাংলাদেশ?