ম্যাচ হারালেন অশোকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কি দেখেছেন? নাকি অপ্রত্যাশিতভাবে পেয়ে যাওয়া ছুটি উপভোগ করেছেন অশোকা ডি সিলভা? চেন্নাইয়ে কাল মাঠে নেমেছিলেন দুই আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড আর স্টিভ ডেভিস। অথচ গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে দায়িত্ব পালন করার কথা ছিল অশোকা ডি সিলভার। প্রায়ই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তের কারণে আলোচিত ডি সিলভাকে এই ম্যাচ থেকে সরিয়ে নিয়েছে আইসিসি।শ্রীলঙ্কান এই আম্পায়ারকে নিয়ে সর্বশেষ প্রশ্ন ওঠে ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড ম্যাচে। আইরিশ ব্যাটসম্যান গ্যারি উইলসনকে এলবিডব্লু দেন। রিপ্লেতে দেখা যায়, বল উইলসনের প্যাডে লেগেছিল ঠিকই, কিন্তু পা ছিল স্টাম্পের বাইরে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল থাকেন ডি সিলভা। উইলসন তখন ৬১ রানে ব্যাট করছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বেঁধে দেওয়া ২৭৬ রান তাড়া করতে গিয়ে ভালোই খেলছিল আয়ারল্যান্ড। উইলসন আউট হওয়ার পরই শেষ হয়ে যায় আইরিশদের জয়ের আশা। এই সিদ্ধান্ত ভীষণ চটিয়ে দেয় আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ডকে। আচরণবিধির বারণ ভুলে তিনি সংবাদমাধ্যমে সমালোচনা করেন। পরোক্ষে অভিযোগ করেন, ডি সিলভার কারণেই ম্যাচটা হেরেছেন তাঁরা। আইসিসি অবশ্য পোর্টারফিল্ডকে সাবধান করে দিয়েছে। প্রথমবারের মতো আচরণবিধি ভাঙলেন বলে কোনো জরিমানা অবশ্য করা হয়নি।কিন্তু ডি সিলভার বাজে ‘পারফরম্যান্স’ও নজর এড়ায়নি আইসিসির। ব্যাটসম্যানদের রিভিউয়ের পর দেখা গেছে, অশোকার ৫০ শতাংশের বেশি সিদ্ধান্ত আসলে ভুল। এলিট প্যানেলের একজন আম্পায়ারের জন্য যেটি আসলেই লজ্জাজনক। এ জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে এই ৫৪ বছর বয়সীকে সরিয়ে দিয়েছে আইসিসি। শুধু ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ নয়; ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও দায়িত্ব পালন করার কথা ছিল তাঁর। কিন্তু ওই ম্যাচেও আর থাকছেন না। থাকবেন হল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচটায়। পোর্টারফিল্ড এটিকে সুসংবাদ হিসেবে নাও দেখতে পারেন! ওয়েবসাইট।