ম্যাজিস্ট্রেট লাঞ্ছনায় সাংসদ বদির বিরুদ্ধে মামলা
টেকনাফ পৌরসভা নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করা হয়েছে।টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বাদী হয়ে দণ্ডবিধির ১৪৩, ৩৩২ ও ৩৪ ধারায় ওই মামলা করেন। ধারাগুলো জনতার বেআইনিভাবে সংঘবদ্ধ হওয়া, সরকারি কাজে বাধাদান এবং সরকারি কর্মকর্তাকে মারধর ও লাঞ্ছিত করার অপরাধসংক্রান্ত। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জানুয়ারি পৌর নির্বাচনে মহাজোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী (সাংসদ বদির চাচা) হাজি মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ পেয়ে পৌরসভার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুর রহমান ও নির্বাচন কর্মকর্তা (মামলার বাদী) ঘটনাস্থলে যান। ম্যাজিস্ট্রেট আবদুর রহমান মুঠোফোনে সভার দৃশ্য ভিডিও করার সময় ৭০-৮০ জন লোক তাঁকে বাধা দেয়। সাংসদ বদির প্ররোচনায় তারা আবদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিতও করে।এজাহারে বলা হয়, বিষয়টি নির্বাচন কমিশনে জানানোর পর কমিশন গত ৩ মার্চ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। সে কারণে মামলা করতে দেরি হয়।বাদীপক্ষের আইনজীবী শামীম আরা মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, আদালতের ম্যাজিস্ট্রেট মো. সাইদুল করিম মামলাটি আমলে নিয়ে ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার ঘটনায় সাংসদ আবদুর রহমান বদি ছাড়া অজ্ঞাতনামা ৭০-৮০ জনের মধ্যে প্রকৃত অর্থে যারা জড়িত ছিল, তাদের নামধাম সংগ্রহ করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।নির্বাচন কমিশন প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে সাংসদ বদির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৩ মার্চ নির্বাচন কমিশনের উপসচিব (পৌর) সৈয়দ মো. খুরশিদ আনোয়ার এক চিঠিতে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার জন্য টেকনাফ নির্বাচন কর্মকর্তা ও আহত ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। আহত ম্যাজিস্ট্রেট বদলি হওয়ায় নির্বাচন কর্মকর্তা মামলার বাদী হন। আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদি বরাবর তাঁর বিরুদ্ধে করা ওই অভিযোগ অস্বীকার করে এসেছেন। মামলার বিষয়ে জানতে চাইলে সাংসদ বদি বলেন, ম্যাজিস্ট্রেট আবদুর রহমান পথসভার ভেতরে ঢুকে ভিডিও করতে থাকলে লোকজন তাঁকে জামায়াতে ইসলামীর ক্যাডার ও জঙ্গি মনে করে লাঞ্ছিত করে। কারণ মুখে লম্বা দাড়িঅলা ম্যাজিস্ট্রেটের পরনে ছিল লম্বা কোর্তা ও মাথায় টুপি। বদি বলেন, খবর পেয়ে তিনি বরং ম্যাজিস্ট্রেটকে রক্ষা করে হাসপাতালে ভর্তি করান। কিন্তু ‘রহস্যজনক কারণে’ তাঁকে মামলার প্রধান আসামি করা হয়েছে।উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে ‘পথসভাকে’ ‘জনসভায়’ পরিণত করার অভিযোগ পেয়ে তা তদন্ত করতে গিয়েছিলেন ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী কর্মকর্তা।