ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার অভিযোগে পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে ছাত্রলীগের একজন নেতাকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম মোমেন মিয়া (৩০)। তিনি পৌর ছাত্রলীগের একাংশের আহ্বায়ক বলে উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা জানা গেছে। আজ সোমবার তাঁকে আদালতে চালান দেওয়া হয়। পুলিশ জানায়, গতকাল রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া নবীনগরে তাঁর ব্যক্তিগত কাজ শেষে গাড়ি নিয়ে ফিরছিলেন। এ সময় নবীনগর কোম্পানীগঞ্জ সড়কে পৌর বাসস্ট্যান্ডের কাছে মোমেন মাদকাসক্ত অবস্থায় ওই ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে হেড লাইট ভেঙে ফেলেন। পরে ওই ম্যাজিস্ট্রেটের অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্ধ্যায় মোমেনকে মাঝিকাড়া থেকে গ্রেপ্তার করে।ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া জানান, তিনি স্থানীয় পুলিশকে ব্যবস্থা নিতে বলেছিলেন। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, ম্যাজিস্ট্রেটের অভিযোগের ভিত্তিতে মোমেনকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে চালান দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ শাহ জিকরুল আহমেদ এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এসব মাদকাসক্ত ছেলেরা স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার আশীর্বাদ নিয়ে কথিত পৌর ছাত্রলীগের শীর্ষ পদে এসে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে।’ তিনি এমন মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন।