ম্যান বুকার পুরস্কার জিতলেন হাওয়ার্ড জ্যাকবসন
সবাইকে অবাক করে এ বছর সম্মানজনক ম্যান বুকার পুরস্কার জিতে নিয়েছেন ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসন।গতকাল রাতে লন্ডনে ম্যান বুকার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ৬৮ বছর বয়সী ব্রিটিশ লেখক হাওয়ার্ড জ্যাকবসনের হাতে এ পুরস্কার তুলে দেয়। তিনি তাঁর হাস্যরসাত্মক ‘ফিঙ্কলার কোশ্চেন’ উপন্যাসের জন্য এ পুরস্কার পেয়েছেন।পুরস্কার পেয়েই হাওয়ার্ড জ্যাকবসন বলেন, ‘আমি বাকরুদ্ধ।’ তবে তিনি মজা করে বলেন, ‘সৌভাগ্যবশত আমি আগেই প্রস্তুতি নিয়েছিলাম।’ব্রিটিশ পাঠকদের মধ্যে আলোচিত ‘সি’ উপন্যাসের লেখক টম ম্যাকক্যারথিকে পরাজিত করে হাওয়ার্ড জ্যাকবসন এবারের বুকার অর্জন করেন। জ্যাকবসন এ পর্যন্ত ১৫টির মতো বই লিখেছেন। এ ছাড়া তিনি ইংল্যান্ডের সাপ্তাহিক দ্যা ইন্ডিপেন্ডেট পত্রিকায় কলাম লেখেন।২০০২ ও ২০০৬ সালে হাওয়ার্ড জ্যাকবসন ম্যান বুকার পুরস্কারের দীর্ঘ তালিকায় ছিলেন। তবে এ বছরই তিনি প্রথমবারের মতো সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নেন এবং শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত এ পুরস্কারটি অর্জন করেন। পুরস্কার বাবদ তিনি ৭৯ হাজার মার্কিন ডলার অর্থ পাবেন।—লস অ্যাঞ্জেলস টাইমস