ম্যানইউর শহরে বিশ্বকাপ
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষায় আছে বিশ্ব। ম্যানচেস্টার ইউনাইটেডের শহরে কী অবস্থা? ম্যানচেস্টার থেকে ‘বিশ্বকাপ প্রস্তুতি’র খবর জানিয়েছেন তারেক মাহমুদমোটাসোটা ভদ্রলোক মিস্টার জেমস। নিজেকে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের স্টুয়ার্ড পরিচয় দিলেও ‘বাংলায়’ তাঁকে ক্লাবের রিসেপশনিস্ট বলতে পারেন। ভারী কাচের ঘূর্ণায়মান দরজা ঠেলে জেমস সাহেবকে ডেস্কের যেদিকে পাওয়া গেল, সেদিকে রিসেপশনিস্টেরই বসার কথা। মাথার ওপরে ঝোলানো বোর্ডটাও তাই বলছে—‘রিসেপশন’।ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের অভ্যর্থনা কক্ষে বিশ্বকাপের গন্ধ খুঁজতে গিয়ে কিছুই পাওয়া গেল না। ফুটবল ক্লাব যেহেতু, সবকিছুতে ফুটবল থাকাটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বকাপ কোথায়? একদিকের দেয়ালে টাঙনো শিল্পীর তুলিতে আঁকা বাইরে থেকে দেখা ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের বিশাল পেইন্টিং। আরেকদিকে কোনো একটা ম্যাচের আগে রেফারি-লাইন্সম্যানদের মাঝে রেখে ম্যানচেস্টার ইউনাইটেড ও প্রতিপক্ষের গ্রুপ ছবি। কোন ম্যাচের আগে, সেটা অবশ্য কোথাও লেখা নেই। একটা টেলিভিশন চলছে, সেখানেও ফুটবল খেলা। ভেবেছিলাম বিশ্বকাপের আগে আগে বুঝি ম্যানইউতে গিয়েও তার কিছুটা আঁচ পাওয়া যাবে। কোথায় কী! জেমসের শরণাপন্ন হয়েও ফিরতে হলো খালি হাতে। ম্যানচেস্টার শহরের জায়গায় জায়গায় তো বিশ্বকাপের পোস্টার আর বিজ্ঞাপন। বিশ্বকাপকে সামনে রেখে ম্যানইউর কি সে রকম প্রচারণামূলক কিছু নেই? একটু ভেবে জেমস সাহেবের উত্তর, ‘প্রস্তুতি চলছে। শিগগিরই শুরু হবে।’এমনিতে বিশ্বের সবচেয়ে ধনী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের চাতালে গিয়ে অন্য কিছু খোঁজার দরকারই নেই। দর্শনার্থী হিসেবে প্রতিদিন সেখানে যাঁরা যাচ্ছেন জাদুঘর ঘুরে, গিফট শপে কেনাকাটা করে আর স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে নানা ভঙ্গিতে ছবি তুলতে তুলতেই দিন পার। হাতে যথেষ্ট সময় থাকলে পয়সা খরচ করে ‘স্টেডিয়াম ট্যুর’ও নিতে পারেন। ৭৬ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামের ভেতরটা ঘুরে আসার সুযোগ হবে তাতে। দেখতে পাবেন খেলোয়াড়দের সাজঘরও। আর স্টেডিয়ামের বাইরের ম্যাট বাসবি ওয়ে ধরে হেঁটে গেলে ম্যানইউর কিংবদন্তিতুল্য ম্যানেজারের স্মৃতি আপনাকে ফিরিয়ে নিতে পারে ১৯৫০-৬০-এর দশকের ফুটবলে। স্কটিশ হলেও ম্যানইউর ফুটবলে এখনো এক জীবন্ত চরিত্র বাসবি।কিন্তু বিশ্বকাপ ফুটবলের আগে জগদ্বিখ্যাত এই ক্লাব এমন নিস্পৃহ পড়ে থাকবে কেন? ব্রাজিলের সঙ্গে জিম্বাবুয়ের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের জন্য যেখানে রবার্ট মুগাবের মতো সরকার জিম্বাবুয়েতে সরকারি ছুটি ঘোষণা করে, সেখানে এমন নীরব-নিথর ম্যানইউ!ম্যানইউতে না হলেও ম্যানইউর শহর ম্যানচেস্টারে বিশ্বকাপের হাওয়া ঠিকই লেগেছে। ফুটবলের শহর বলেই হয়তো ডার্বি বা লন্ডনের তুলনায় ম্যানচেস্টারকে অনেক বেশি বিশ্বকাপ-সচেতন মনে হচ্ছে। ওল্ড ট্রাফোর্ড ফুটবল আর ক্রিকেট স্টেডিয়ামের মাঝামাঝি একটা জায়গায় ব্লেজার্স পয়েন্ট পাব। তার বাইরে ‘ওয়েলকাম ওয়ার্ল্ড কাপ’ পোস্টার সাঁটা। সাইনবোর্ডে নিজেদের ম্যানইউর ‘সাপোর্টার্স বার’ দাবি করা দ্য ট্রাফোর্ডের বাইরের দৃশ্যও একই। এবারের বিশ্বকাপ পোস্টার থেকে ফুটবলটা যেন তেড়েফুঁড়ে বেরিয়ে আসছে। বলে এত জোরে শট মারলেন কে তা অবশ্য বোঝা যাচ্ছে না, পোস্টারে যে কেবল ফুটবলারের পায়ের ছবিটাই দেওয়া!ওল্ড ট্রাফোর্ড এলাকাকে ক্লাবপাড়া বলাই ভালো। ওল্ড ট্রাফোর্ড নামে দুটি মাঠ হাঁটা দূরত্বে। এর একটা ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ড, আরেকটা ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্লাবপাড়ার বার-পাব মানেই খেলার আড্ডাস্থল হওয়ার কথা। বড় টিভি পর্দায় সব সময়ই কোনো না কোনো খেলা, হাতে বিয়ার বা অন্য কিছুর গ্লাস হাতে সেই খেলায় মদির দৃষ্টি মেলে কারও বসে থাকা অথবা খেলা নিয়ে জম্পেশ আড্ডা—দিনেরাতে এই হলো এখানকার পাব-বারগুলোর নিয়মিত দৃশ্য। এখন সেসব আড্ডায় অবধারিতভাবেই বিশ্বকাপের রাজত্ব।শুধু ক্লাবপাড়ার পাব-বারেই নয়, ম্যানচেস্টার শহরের যেকোনো জায়গাতেই এখন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের মুখোমুখি হয়ে যেতে পারেন আপনি। শহরে যে ট্রাম-বাস চলছে, সেগুলোর গায়ে উঠে আসতে শুরু করেছে বিশ্বকাপের লোগো আঁকা ‘পোশাক’। বিশ্বকাপকে আহ্বান জানানো চলছে সারা শহরেই। প্রাইমার্ক বা মাকর্স অ্যান্ড স্পেনসারের মতো নামী শপিং সেন্টারগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন দলের জার্সি। চাবির রিং, লাগেজ-ব্যাগের মধ্যেও চলে এসেছে বিশ্বকাপের দলগুলোর জার্সির নকশা। শুধু কি তাই, এই লেখা যেখানে বসে লিখছি, সেই ওল্ড ট্রাফোর্ড লজ ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট দলের অফিসিয়াল গেস্ট হাউস হলেও বিশ্বকাপের বাইরে নয়। বিশ্বকাপে ইংল্যান্ডের সাফল্য কামনা করা হচ্ছে এই হোটেলের বিভিন্ন ট্যুর গাইড আর বুকলেটে।ম্যানচেস্টার ইউনাইটেডে বিশ্বকাপ নেই বলে যে হাহাকার, ম্যানচেস্টার শহর বিশ্বকাপ নিয়ে এত আয়োজনে সেটা ভুলিয়েই দিচ্ছে শেষ পর্যন্ত। আর গোটা শহরই যেখানে একটু একটু করে কাতর হয়ে পড়ছে বিশ্বকাপ নিয়ে, সেখানে আলাদা করে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে বিশ্বকাপের পতাকা ওড়ার দরকারই বা কি? ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টারে বলেই তো ম্যানচেস্টার এত বিশ্বকাপময়!ম্যাট বাসবি যে শহরে কখনো মরেন না, সে শহরে বিশ্বকাপ জীবন্ত না হয়ে কি পারে!