পুরান ঢাকার মাজেদ সরদার রোডে ইউসেপ বিদ্যালয়ের পেছনে একটি ম্যানহোল থেকে ময়লা পানি উপচে আশপাশে ছড়িয়ে পড়ছে। ময়লামিশ্রিত এই পানি জমে থাকায় দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে, ফলে ইউসেপ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ঘটছে। জনগণের যাতায়াতেও চরম ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ইউসেপ বিদ্যালয়ের কাছে রাখা ময়লার কনটেইনার থেকে আসা উৎকট গন্ধের কারণে কোমলমতি শিক্ষার্থীদের সব সময় জানালা বন্ধ করে ক্লাস করতে হচ্ছে। ইউসেপ বিদ্যালয়ের পেছনের ওই ম্যানহোলটি মেরামত করে এবং ময়লার কনটেইনারটি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।মো. ওমর আলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ম্যানহোল উপচানো পানি প্রসঙ্গে ডিসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ মোহন জানান, ম্যানহোলের বর্জ্য পরিষ্কারের দায়িত্ব ঢাকা ওয়াসার। আর রাস্তার পাশে থাকা ময়লার স্তূপ প্রসঙ্গে মোহাম্মদ মোহন জানান, ইউসেপ স্কুলের পাশেই রয়েছে একটি কাঁচাবাজার। এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এখানে বাজার বসিয়েছে। সেই বাজারের আবর্জনাই স্তূপ করে রাখা হচ্ছে সেখানে। ময়লা-আবর্জনা অপসারণে ডিসিসির পক্ষ থেকে নিয়মিত তদারক করা হবে বলে তিনি জানান।