ম্যানহোলের ঢাকনা চুরি ঠেকাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব দেশের কোনো শহরে অভাবী মানুষের জীবিকার তাগিদে ম্যানহোলের ঢাকনা চুরির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু নিউইয়র্ক সিটির মতো অত্যাধুনিক নগরে এমন ঘটনা ঘটলে অবাক হতেই হয়। তাও একবার দুবার নয়, হরহামেশাই ঘটছে।পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে পুলিশ। চুরি ঠেকাতে আইন কঠোর করার প্রস্তাব করা হয়েছে। গতকাল শুক্রবার রয়টার্সে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, গতকাল নিউইয়র্ক সিটির আদালতে ম্যানহোলের ঢাকনা চুরি রোধে উপায় বাতলানো নিয়ে শুনানি হয়। এতে কর্মকর্তারা এই চুরি রোধে বিভিন্ন পদক্ষেপের পরামর্শ দেন। এর মধ্যে নতুন আইন করারও প্রস্তাব দেন তাঁরা। শাস্তিযোগ্য এই অপরাধের জন্য ৩০ দিন পর্যন্ত কারাভোগ ও সর্বনিম্ন আড়াই হাজার ডলার শাস্তির বিধান রাখার সুপারিশ করা হয়। বর্তমানে এই অপরাধের জন্য কেবল এক হাজার ডলার জরিমানা দেওয়ার বিধান রয়েছে।শুনানিতে ব্যুরো অব ওয়াটার অ্যান্ড স্যুয়ার অপারেশনসের উপকমিশনার জেমস রবার্টস বলেন, ২০০৯ সাল থেকে প্রতি বছর এক হাজার ৩০০ থেকে এক হাজার ৬০০ ম্যানহোলের ঢাকনার হদিস থাকে না। কর্তৃপক্ষের হিসাবে চলতি বছর এখনো পর্যন্ত ৩৭০টিরও বেশি ঢাকনা চুরি হয়ে গেছে।কর্মকর্তারা মনে করছেন, ভাঙারি ধাতু হিসেবে বিক্রির জন্য বেশির ভাগ ঢাকনা চুরি হয়। কেউ কেউ দুষ্টুমি করে সরিয়ে ফেলে। দুর্ঘটনায়ও কিছু ঢাকনা নষ্ট হয়ে যেতে পারে। বেশির ভাগ ম্যানহোলের ঢাকনা লোহার তৈরি এবং এগুলোর ওজন ১৩৬ কেজি পর্যন্ত হয়ে থাকে। একটি ঢাকনা পুনরায় স্থাপন করতে নগর কর্তৃপক্ষের ১০০ ডলারের মতো খরচ পড়ে।