ম্যানহোলের ফাঁদ...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সময় ধরে রাস্তায় দাঁড়িয়ে আছেন শামীম আশরাফ। দ্রুত কোথাও যাওয়ার তাড়া লেগে আছে তাঁর চোখেমুখে। কিন্তু কোনো রিকশাই পাচ্ছেন না। একটা সময় রিকশার দেখা মেলে। দ্রুত তাতে উঠে পড়েন শামীম। কিছু বুঝে ওঠার আগেই মোক্ষম এক ঝাঁকুনি। ঢাকনাবিহীন ম্যানহোলে চলে গেছে রিকশার চাকা। নিজেকে কোনো রকম সামলে নিলেও হাতে থাকা থলে ছিটকে গিয়ে পড়ে পাশের ময়লার ওপর।এ তো গেল এক যুবকের বিড়ম্বনার কথা। মোহাম্মদপুরের বাবর রোডের ‘আটকে পড়া পাকিস্তানিদের রিলিফ ক্যাম্প’-এর সামনের রাস্তায় চলতে বিড়ম্বনায় পড়েননি এমন পথচারী খুঁজে পাওয়া দায়। খানিক বাদে বাদেই এই রাস্তায় রয়েছে ঢাকনাবিহীন ম্যানহোল। ‘আমরাই সিমেন্টের স্ল্যাব দিয়া একটা গর্ত ঢাইকা রাখছি।’ বলছিলেন এখানকার ব্যবসায়ী কবির হাসান। রাস্তায় ম্যানহোলের বিড়ম্বনার বিষয়ে হলুদ বিক্রেতা আজাদ বলেন, ‘আমগো চোখের সামনে কত রিকশা কাত হইয়া যাত্রী পড়ে যেতে দেখলাম।’ তিনি আরও জানান, বর্ষা মৌসুমে এই রাস্তা হাঁটুপানির নিচে তলিয়ে যায়। ময়লা পানির নিচে ঢাকনাবিহীন ম্যানহোলের অবস্থান তখন বোঝা যায় না। এ জন্য পথচারীকে চলতে হয় অনুমান করে। তার পরও যে বিপত্তি ঘটে না, তা নয়। এ প্রসঙ্গে রিকশাচালক সাইদুর রহমান বলেন, ‘আমরা তো পুরাতন রিকশাওয়ালা, এই রোডে কোন হানে গর্ত আছে হেইডা জানি, বৃষ্টি হইলে হাঁটুপানিতে রিকশা বাঁকাই-বুকাই (আঁকাবাঁকা) নিয়া যাই, কিন্তু নতুন রিকশাওয়ালারা গর্তে পড়ে যায়।’বাবর রোডের আটকে পড়া পাকিস্তানিদের রিলিফ ক্যাম্পের সামনের রাস্তা সংস্কার ও ম্যানহোলগুলোয় ঢাকনা লাগাতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন, জানতে চাইলে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) অঞ্চল-৬-এর নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম দাবি করেন, ম্যানহোলগুলো ঢাকা ওয়াসার। এগুলোয় ঢাকনা দেওয়ার জন্য তাদের লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু তারা ঢাকনা দিচ্ছে না। এ বিষয়টি দেখবেন বলে তিনি আশ্বাস দেন।এদিকে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ড্রেনেজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) শহীদ উদ্দিন পিন্টু জানালেন উল্টো কথা। তিনি বলেন, ম্যানহোলগুলো ডিসিসির অধীনে আছে। তবু তিনি খোঁজ নেবেন। যদি ম্যানহোলগুলো ওয়াসার হয়, তবে দ্রুত সেগুলোয় ঢাকনা লাগানোর ব্যবস্থা করবেন বলে তিনি জানান।