ম্যান্ডেলা দিবস আজ
বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। নিপীড়িত, শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে আন্দোলন করে কারাবরণ করেছেন প্রায় জীবনভর। অন্যায়ের কাছে মাথানত না করা এই পরিবর্তনের সারথির ৯৪তম জন্মদিন আজ বুধবার।জাতিসংঘের উদ্যোগে আজ চতুর্থবারের মতো পালিত হচ্ছে ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’। ২০০৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এক প্রস্তাবে ১৮ জুলাইকে ‘আন্তর্জাতিক ম্যান্ডেলা দিবস’ ঘোষণা করে।বর্ণবাদবিরোধী এই কিংবদন্তি নেতার জন্মদিনে দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বজুড়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন গতকাল মঙ্গলবার ম্যান্ডেলার জন্মদিনের প্রাক্কালে তাঁর সঙ্গে সাক্ষাত্ করতে দক্ষিণ আফ্রিকা সফর করেন।ম্যান্ডেলা তাঁর জীবনের অধিকাংশ সময় ব্যয় করেছেন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে—গণতন্ত্র ও সমানাধিকারের পক্ষে নিজের দেশের ও বিশ্বের মানুষকে সম্মিলিত করার কাজে।দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানে আন্দোলন করতে গিয়ে নেলসন ম্যান্ডেলা টানা ২৭ বছর জেল খাটেন। ১৯৯০ সালে মুক্তি পাওয়ার পর ১৯৯৪ সালের নির্বাচনে তাঁর দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস জয়লাভ করে। এরপর তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে আজন্ম শত্রু বর্ণবাদী শ্বেতকায়দের প্রতি প্রতিশোধ গ্রহণের বদলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন তিনি। ২০০৪ সালে রাজনৈতিক জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি জনসমক্ষে আসা কমিয়ে দেন। বিভিন্ন ওয়েবসাইট অবলম্বনে।