ম্যান্ডেলা ‘ভালো আছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে দেখতে গেলেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। আজ রোববার সকালে প্রেসিডেন্ট জুমা দেশটির প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিত্সাধীন ম্যান্ডেলাকে দেখতে যান। বিবিসি অনলাইনের এক খবরে আজ এ তথ্য জানানো হয়েছে।প্রেসিডেন্ট জুমার মুখপাত্র সত্যেন্দ্রনাথ রঘুনানন ‘ম্যাক’ মহারাজ বিবিসিকে বলেন, ‘রাতভর বিশ্রাম নেওয়ার পর নেলসন ম্যান্ডেলা এখন ভালো আছেন।’ ম্যাক মহারাজ আরও বলেন, প্রিটোরিয়ার হাসপাতালে ম্যান্ডেলা যাতে সঠিক চিকিত্সক দলের অধীনে চিকিত্সা পান, সেটা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট জুমা। গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হন। এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার সাধারণ জনগণ ম্যান্ডেলার শারীরিক অবস্থা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। এ ছাড়া জোহানেসবার্গের রেজিনা মুন্ডি ক্যাথলিক চার্চে সাবেক প্রেসিডেন্টের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে। ওই প্রার্থনায় অংশ নেওয়া শেইনেট এনকমো নামের এক তরুণী বিবিসিকে বলেন, ‘এটা খুবই উদ্বেগের, কারণ তিনি দক্ষিণ আফ্রিকার একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি দেশের জন্য এমন অনেক কিছুই করেছেন যার জন্য আমরা সব সময় তাঁকে স্মরণ করব।’