ম্যান্ডেলার অবস্থার আরও অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, যখন-তখন যেকোনো কিছু ঘটতে পারে।রাজধানী প্রিটোরিয়ার হাসপাতালে বাবাকে দেখে আসার পর ম্যান্ডেলার বড় মেয়ে ম্যাকাজিউয়ি ম্যান্ডেলা গতকাল রাষ্ট্রীয় বেতার এসএএফএমকে বলেন, ‘টাটার (বাবা) অবস্থা খুবই সংকটাপন্ন। শিগগির যেকোনো কিছু ঘটতে পারে। কিন্তু আমি আবারও এ কথা জোর দিয়ে বলছি যে কেবল ঈশ্বরই জানেন, কখন কী হবে।’ম্যাকাজিউয়ি আরও বলেন, ‘আমি মিথ্যা বলব না। তবে আমার কাছে ভালো মনে হয়নি। কিন্তু আমরা তাঁর সঙ্গে কথা বললে তিনি সাড়া দিচ্ছেন এবং চোখ মেলার চেষ্টা করছেন।’ম্যান্ডেলা পরিবারের যেকোনো আনুষ্ঠানিকতা ও বৈঠকে নেতৃত্ব দেন তাঁদের গোত্র প্রধান নেপিলিসি ম্যান্ডেলা। তিনি গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে জানান, ম্যান্ডেলাকে যন্ত্রের সাহায্যে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এটা ভালো না, কিন্তু আমরা আর কীই-বা করতে পারি।’এদিকে দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল জানান, আগের রাতের চেয়ে গতকাল ম্যান্ডেলার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে অবস্থা সংকটাপন্ন। ফুসফুসের সংক্রমণের কারণে ৯৪ বছর বয়সী ম্যান্ডেলাকে ৮ জুন প্রিটোরিয়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এর পর থেকে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে। ওই কার্যালয়ের মুখপাত্র ম্যাক মহারাজ গতকাল রাষ্ট্রীয় প্রচার প্রতিষ্ঠান এসএবিসিকে বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় মাদিবার অবস্থার আরও অবনতি হয়েছে।’ দক্ষিণ আফ্রিকানরা ম্যান্ডেলাকে মাদিবা নামেই ডাকে। মাদিবা শব্দের অর্থ বাবা।এই অবস্থায় প্রেসিডেন্ট জ্যাকব জুমা তাঁর বিদেশ সফর বাতিল করায় ম্যান্ডেলার অবস্থা সম্পর্কে মানুষজন আরও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য গতকাল মোজাম্বিকে যাওয়ার কথা ছিল জুমার। কিন্তু শেষ মুহূর্তে তাঁর ওই সফর বাতিল করা হয়।বাবার জন্য প্রার্থনা: দক্ষিণ আফ্রিকার মানুষ ম্যান্ডেলাকে তাদের জাতির পিতা হিসেবেই মানে। তাঁর শারীরিক অবস্থার অবনতিতে স্বাভাবিকভাবে মুষড়ে পড়েছে দেশের সর্বস্তরের মানুষ। দেশজুড়ে প্রার্থনা করা হচ্ছে তাঁর জন্য। ম্যান্ডেলার জোহানেসবার্গের বাড়ি এবং প্রিটোরিয়ার যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন সেখানে ভিড় করছেন অনেকে। রাত জেগে প্রার্থনা করছেন। ক্ষণে ক্ষণে গাইছেন জাতীয় সংগীত। হাসপাতালের সীমানাপ্রাচীর ছেয়ে ফেলেছেন ফুলে ফুলে।প্রিটোরিয়া হাসপাতালের সামনে জড়ো হওয়া ৩৫ বছর বয়সী লেরাতো বুলারেস বলেন, ‘সাদা এবং কালো... আমরা সবাই আজ একতাবদ্ধ। ম্যান্ডেলার এই আদর্শই আমাদের মধ্যে আছে।’ আর ৪০ বছর বয়সী জাউফরি বাসুবি বলেন, ‘ম্যান্ডেলার বয়স এখন ৯৫ বছর (প্রায়)। কাজেই তাঁকে নিয়ে আমাদের মাত্রাতিরিক্ত উদ্বিগ্ন হওয়া উচিত নয়। আমি মনে করি, তিনি যা করতে চেয়েছিলেন, তা করেছেন।’গণমাধ্যমের ওপর ক্ষোভ: বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলা সারা বিশ্বেই অত্যন্ত সম্মানিত ব্যক্তি। স্বাভাবিকভাবেই তাঁর শারীরিক অবস্থার এই অবনতিতে শুধু দক্ষিণ আফ্রিকা নয়, সারা বিশ্বের মানুষ উদ্বিগ্ন, জানতে চায় সর্বশেষ খবর। কিন্তু গণমাধ্যমের মাত্রাতিরিক্ত আগ্রহ এবং বাড়াবাড়িতে ক্ষুব্ধ ম্যান্ডেলার পরিবার।ম্যান্ডেলার বড় মেয়ে ম্যাকাজিউয়ি রাষ্ট্রীয় বার্তা প্রতিষ্ঠান এসএবিসিকে বলেন, ‘গণমাধ্যমের আগ্রহ থাকবে, এতে আমাদের মনে করার কিছু নেই। কিন্তু আমি মনে করি তারা বাড়াবাড়ি করে ফেলছে।’ তিনি আরও বলেন, ‘নিজের মতো থাকা ও মর্যাদা পাওয়ার অধিকার টাটার (বাবা) আছে এবং তাঁর পরিবারেরও সেই অধিকার আছে। মানুষ যদি সত্যিই নেলসন ম্যান্ডেলাকে মান্য করে, তাহলে তাদের উচিত তাঁকে শ্রদ্ধা করা।’বিশ্বনেতাদের বার্তা: ম্যান্ডেলার জন্য প্রার্থনা করে বার্তা পাঠাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানেরা। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, বিংশ শতাব্দীর অন্যতম মহৎ মানুষটির জন্য প্রার্থনা করছে পুরো বিশ্বের মানুষ। তিনি বলেন, ‘আমি জানি, আমাদের সবার শুভকামনা এবং প্রার্থনা ম্যান্ডেলা, তাঁর পরিবার এবং দক্ষিণ আফ্রিকাবাসীর সঙ্গে আছে।’ম্যান্ডেলাকে ‘সারা বিশ্বের নায়ক’ অভিহিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘অনন্তকাল ধরে আমাদের মধ্যে বেঁচে থাকবে তাঁর কর্মকাণ্ড।’দক্ষিণ আফ্রিকাকে শ্বেতাঙ্গ শাসনের নিগড় থেকে মুক্ত করতে দীর্ঘ আন্দোলনে নেতৃত্বের সময় ২৭ বছর কারাবন্দি ছিলেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে তিনি মুক্তি পান। এরপর ১৯৯৪ সালের নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। এর আগে ১৯৯৩ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। এএফপি, রয়টার্স ও বিবিসি।