ম্যান্ডেলার শারীরিক অবস্থা গুরুতর
হাসপাতালে চিকিৎসাধীন বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা গুরুতর। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার এক বিবৃতির বরাত দিয়ে গতকাল রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে জ্যাকব জুমা বলেছিলেন, ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে।বিবৃতিতে জ্যাকব জুমা বলেন, ম্যান্ডেলাকে তিনি দেখে এসেছেন। তাঁর স্ত্রী ও চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতির জন্য সম্ভাব্য সবই করছেন চিকিৎসকেরা। জুমা জানান, গতকাল সন্ধ্যায় চিকিৎসকেরা জানান, ২৪ ঘণ্টায় তাঁর (ম্যান্ডেলা) শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।৯৪ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হলে তাঁকে চলতি মাসের শুরুর দিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে এ বছর তাঁকে তিনবার হাসপাতালে ভর্তি হতে হলো।গতকাল হোয়াইট হাউসের এক বিবৃতিতে ম্যান্ডেলা, তাঁর পরিবার ও দক্ষিণ আফ্রিকার জনগণের কল্যাণ কামনা করা হয়।