ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের নায়ক নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। এতে করে হাসপাতালে তিনি আসলে কেমন আছেন, তা নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।ম্যান্ডেলা হাসপাতালে ‘বোধশক্তিহীন অবস্থায়’ রয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে এই খবর নাকচ করে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট দপ্তর। অন্য কয়েকটি খবরে বলা হচ্ছে, ম্যান্ডেলার চেতনাশক্তি ঠিক আছে। তিনি কথা বলারও চেষ্টা করছেন।আদালতে ম্যান্ডেলার পরিবারের সদস্যদের দাখিল করা কিছু নথিপত্র গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়। এতে দাবি করা হয়েছে, ম্যান্ডেলা ‘স্থায়ী বোধশক্তিহীন অবস্থায়’ রয়েছেন। যন্ত্রের সাহায্যে তাঁকে শ্বাস-প্রশ্বাস নিতে সাহায্য করা হচ্ছে। চিকিৎসকেরা ম্যান্ডেলার পরিবারকে তাঁর লাইফসাপোর্ট খুলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। নথিতে বলা হয়েছে, ‘তাঁর (ম্যান্ডেলার) যন্ত্রণা দীর্ঘায়িত করার চেয়ে, ম্যান্ডেলার পরিবার এই বিকল্পকে খুবই বাস্তবিক একটা সম্ভাব্য পথ হিসেবে যাচাই করছে।’ বৃহস্পতিবার প্রকাশ পাওয়া ওই নথিপত্রগুলো গত ২৬ জুন আদালতে দাখিল করা হয়। ম্যান্ডেলার তিন সন্তানের কবরস্থান নিয়ে সৃষ্ট পারিবারিক বিরোধের অংশ হিসেবে নথিগুলো আদালতে উপস্থাপন করেন তাঁর নাতি মান্ডলা ম্যান্ডেলার পক্ষের আইনজীবী ওয়েসলি হেইস। ম্যান্ডেলার তিন সন্তানকে এমজেভো গ্রামে সমাহিত করেছিলেন মান্ডলা, যাঁদের মধ্যে মান্ডলার বাবাও ছিলেন। তবে শেষ পর্যন্ত মামলায় তিনি হেরে যান। আদালতের নির্দেশে তাঁদের দেহাবশেষ তুলে এনে ম্যান্ডেলার নিজ গ্রাম কুনুতে সমাহিত করা হয়েছে।ম্যান্ডেলার স্ত্রী গ্রাসা ম্যাশেল বৃহস্পতিবার বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলার শারীরিক অবস্থা মাঝেমধ্যে খারাপ হলেও ‘তিনি কষ্টে নেই। মাদিবা (ম্যান্ডেলার গোত্রীয় নাম) ‘ভালো আছেন’।ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে এই বিভ্রান্তিতে যুক্ত হয়েছে দেশটির প্রেসিডেন্টের দপ্তরের একটি বিবৃতি। গত বৃহস্পতিবার রাতে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, ম্যান্ডেলা ‘স্থিতিশীল তবে সংকটাপন্ন’ অবস্থায় রয়েছেন। বিবৃতিতে আদালতে উপস্থাপিত ম্যান্ডেলার পরিবারের সদস্যদের দাবি নাকচ করে দিয়ে দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার মুখপাত্র ম্যাক মহারাজ বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট বোধশক্তিহীন অবস্থায় রয়েছেন—এমন বক্তব্য সত্য নয় বলে জানিয়ছেন চিকিৎসকেরা।’এ ছাড়া হাসপাতালে ম্যান্ডেলার শারীরিক অবস্থার বিষয়ে সরাসরি অবগত আছেন এমন একটি সূত্রের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, ম্যান্ডেলার কিডনি ডায়ালিসিস করানো হচ্ছে এবং কেউ তাঁর সঙ্গে কথা বললে তিনি চোখ খুলছেন। ম্যান্ডেলাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হলেও তিনি বোধশক্তিহীন অবস্থায় নেই বলে দাবি করেছে ওই সূত্র।এদিকে বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু হার্ডিং গত বৃহস্পতিবার রাতে এক টুইটার বার্তায় বলেছেন, ম্যান্ডেলা এখনো ‘মনোযোগী’ আছেন। তিনি কথা বলার চেষ্টা করছেন, তবে নল লাগানো থাকায় তিনি কথা বলতে পারছেন না। ম্যান্ডেলার দীর্ঘদিনের বন্ধু ডেনিস গোল্ডবার্গ এসব কথা জানিয়েছেন। হার্ডিংয়ের টুইটার বার্তা মতে, গোল্ডবার্গ গত সোমবার হাসতাপালে ম্যান্ডেলাকে দেখতে গিয়েছিলেন।ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে গত ৮ জুন প্রিটোরিয়ার মেডি-ক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি হন ম্যান্ডেলা। বর্ণবাদবিরোধী আন্দোলন করতে গিয়ে কারাগারে থাকা অবস্থায় ফুসফুসের সমস্যায় আক্রান্ত হন তিনি। ২৭ বছর জেলে কাটানোর পর ১৯৯০ সালে তিনি মুক্তি পান। তার চার বছর পর তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকার গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বিবেচনা করা হয়ে থাকে শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলাকে। এএফপি, এপি, দ্য স্টার।