ম্যান্ডেলার সুস্থতা নিয়ে রহস্য ঘনিয়ে উঠছে
দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে উদ্বেগ ক্রমে বাড়ছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে আজ শনিবার বলা হয়, আটদিন আগে শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা হাসপাতালে ভর্তি হন। ম্যান্ডেলা কোথায় চিকিত্সা নিচ্ছেন, তা নিশ্চিত করেনি দেশটির সরকার। এ কারণে ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে কৌতূহলও বাড়ছে। বিশেষত পশ্চিমা প্রচার মাধ্যম বরাবরের মতো এবারও বিশেষ আগ্রহ দেখাচ্ছে।দেশটির রাজধানী প্রিটোরিয়ায় গতকাল শুক্রবার অ্যাম্বুলেন্সসহ প্রেসিডেন্টের একটি গাড়িবহর দেখা গেছে। তবে সরকার জানিয়েছে, ম্যান্ডেলাকে হাসপাতাল থেকে অন্য কোথাও সরানো হয়নি।বার্তা সংস্থা এপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ম্যান্ডেলার স্বাস্থ্য নিয়ে সরকার কোন মন্তব্য করতে রাজি না হওয়ায়, প্রায় পাঁচ কোটি মানুষের দেশটি ভীষণ উদ্বিগ্নতার মধ্যে আছে। ধারণা করা হচ্ছে, ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার কাছে ১ নম্বর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নসিভিউ মাপিসা নকুয়াকুলা গত সোমবার ম্যান্ডেলার সাথে দেখা করতে গিয়েছিলেন বলে জানান। এরপর সাংবাদিকরা প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মহারাজকে ম্যান্ডেলার অবস্থান নিয়ে প্রশ্ন করলে, তিনি কোন উত্তর দিতে রাজি হননি।