ম্যান্ডেলার ‘ব্যক্তিগত’ বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬৮ সালে রোবেন দ্বীপে নেলসন ম্যান্ডেলাকে দেখতে এলেন তাঁর ৭৬ বছর বয়সী মা। ছেলেকে নয়ন ভরে দেখার পর মা বাড়ির পথে ফিরছেন। ম্যান্ডেলা দেখতে পেলেন বয়সের ভারে ন্যুব্জ হয়ে যাওয়া মা ধীরপায়ে নৌকার দিকে এগোচ্ছেন, যে নৌকা তাঁকে ফিরিয়ে নিয়ে যাবে মেইনল্যান্ডে। হঠাৎ ম্যান্ডেলার মনে হলো, মাকে এই শেষবারের মতো দেখছেন তিনি। আর কোনো দিন দেখা হবে না।এর কয়েক মাস পর নেলসনের মায়ের মৃত্যু হলো। তিনি ব্যাকুল হয়ে অনুরোধ করছেন, মায়ের শেষকৃত্যে তাঁকে একবার যেতে দেওয়া হোক। তাঁর সঙ্গে কড়া প্রহরা থাকুক, অসুবিধা নেই। কিন্তু এই বন্দীর অনুরোধ রক্ষা করা হলো না। ১০ মাসের মাথায় তাঁর বড় ছেলের মৃত্যু। খুব আঘাত পেলেন তিনি। কিন্তু ছেলের মুখটা একবার দেখতে পেলেন না।এসব কথা নেলসন ম্যান্ডেলা লিখছেন তাঁর এ বছর বেরোনো বই কনভারসেশনস উইথ মাইসেলফ-এ। ম্যান্ডেলাকে নিয়ে বই বেরিয়েছে প্রচুর, আত্মজীবনীও ছাপা হয়েছে। এতসব বইপত্রের পরও এ বইটি সারা পৃথিবীর পাঠকদের হূদয় ছুঁয়ে গেছে। কারণ, এ বইকে বলতে হবে ম্যান্ডেলার সবচেয়ে ‘ব্যক্তিগত’ বই। ২৫ বছর জেলে কাটানো নিরানন্দ দিনগুলো, তাঁর সংসার, পড়াশোনা, রাজনীতি, তাঁর একান্ত নিজের সংবেদন—এসব নিয়েই তাঁর নিজের সঙ্গে কথোপকথন।সত্যি বলতে কি, এটা ঠিক বইয়ের ধরনে লেখা হয়নি। ম্যান্ডেলার জীবনের নানা টুকরো-টাকরা আঁচড়, ডায়েরি, ক্যালেন্ডার, চিঠিপত্র, এলোমেলো নোট দিয়ে খুব গোছানো একটা অ্যালবামের মতো কাজ। এর সঙ্গে যুক্ত হয়েছে রিচার্ড স্টেঙ্গেলের সঙ্গে তাঁর কথাবার্তা, যিনি ম্যান্ডেলার আত্মজীবনী লং ওয়াক টু ফ্রিডম-এর ভূত-লেখক ছিলেন। ম্যান্ডেলা একসময় নিজেই আত্মজীবনী লেখার চেষ্টা করেছিলেন। নানা কারণে সেটা আর হয়নি। ওই সময়কার কিছু লেখাপত্রও এই বইতে নেওয়া হয়েছে। বইয়ের ভূমিকায় বারাক ওবামা গভীর শ্রদ্ধার সঙ্গে ম্যান্ডেলার সম্পর্কে লিখেছেন, ‘নিজের দেশ এবং গোটা পৃথিবীর জন্য তাঁর অবদান এত গভীর যে তাঁকে বাদ দিয়ে গত কয়েক যুগের পৃথিবীকে কল্পনা করা কঠিন।’এই বই পড়তে গিয়ে পাঠকের মনে পড়ে যাবে, তাঁর পড়াশোনা কত ব্যাপ্ত। ইতিহাস আর ধ্রুপদি সাহিত্য পড়েছেন প্রচুর, নিজের ‘যুদ্ধ’ শুরুর আগে রাজ্যের বইপত্র ঘেঁটেছেন। যেসব মুহূর্তে ম্যান্ডেলা ঐতিহাসিক সিদ্ধান্তগুলো নিচ্ছেন, এই বইতে সেসব মুহূর্ত হাত বাড়িয়ে ছোঁয়া যায়—এত আপন, এত নির্জন সেই ভাষা। সাম্যবাদ বা সশস্ত্র সংগ্রামের মতো ভারী বিষয়গুলো যেমন আছে, তেমনি আছে তাঁর সামান্য গেরস্থালির কথা, দাম্পত্যের স্মৃতি। একটা মজার ঘটনা আছে এ রকম: মেয়েদের দেখে ভারি খুশি হয়েছেন ম্যান্ডেলা। ঝলমলে মুখে তাঁর স্ত্রী উইনিকে বলছেন, কত সুন্দরভাবে মেয়েরা বেড়ে উঠেছে। শুনে তাঁর স্ত্রী ঝামটে উঠলেন, ‘তুমি তো আর ওদের মানুষ করোনি, করেছি আমি। এখন মনে হচ্ছে আমার চেয়ে ওরাই তোমার বেশি আপন!’স্টেঙ্গেল অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন ম্যান্ডেলার সঙ্গে, যখন বন্দী ছিলেন তখনকার যৌনজীবন নিয়েও কথা হয়েছে। কীভাবে ওই কঠিন সময়গুলো তিনি পার করেছেন? উইনিই বা তখন একা একা কেমন ছিল? শান্ত-সমাহিতভাবে ম্যান্ডেলা জানাচ্ছেন, ‘উইনির নিজস্ব একটা বাইরের জগৎ আছে। অনেকের সঙ্গে মেলামেশাও ছিল।’ কিন্তু তাঁর স্বরের মধ্যে কোথাও ঈর্ষার দহন নেই।তাঁর রাজনৈতিক প্রজ্ঞার অনেক নিদর্শন এই বইতে রয়েছে। জেল কর্তৃপক্ষ যখন তাঁকে কমরেডদের থেকে সরিয়ে ‘সলিটারি সেলে’ নিয়ে গেল, তিনি আপত্তি করেননি। তিনি দেখলেন, একা থাকলে তিনি কমরেডদের বাদ দিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বর্ণবাদের সুরাহা করতে পারবেন। তিনি সেটা করতে পেরেছিলেন।