ম্যারাডোনা-মেসি দর্শন
বিশ্বকাপ মানেই ৩২ দল আর ৬৪টি ম্যাচ নয়। সেই গণ্ডি ছাড়িয়ে বিশ্বকাপ হয়ে ওঠে বর্ণিল মহোৎসব। বিশ্বকাপ কাভার করতে গিয়ে কাছ থেকে সেই উৎসব দেখেছেন পবিত্র কুন্ডু। সেই অভিজ্ঞতা নিয়ে এই ধারাবাহিক রচনাপ্রতিটি বিশ্বকাপের আগেই একটি কথা খুব উচ্চারিত হয়। এবারের বিশ্বকাপটা কার হবে? মূলত ইউরোপিয়ান লিগে মাঠ আলো করা খেলোয়াড়দের গায়েই দেখা যায় তীব্র আলোর ছটা। কয়েকটি বিশ্বকাপ ধরেই গল্পটা একই রকম। একেকজনের নাম ওঠে, কিন্তু তিনি কিছুই করতে পারেন না। এবার ছিলেন চারজন খেলোয়াড়—মেসি, কাকা, রুনি ও রোনালদো। রোনালদোর নামটা পরে এসেছে, তাঁর দল পর্তুগালের সম্ভাবনাই আতশ কাচের অনেক নিচে ছিল বলে। খেলোয়াড়দের পাশে দুজন কোচও এবার উঠে এলেন প্রবল সম্ভাবনা আর রোমাঞ্চ জাগিয়ে। আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলের কার্লোস দুঙ্গা। ব্রাজিল আর আর্জেন্টিনার সাংবাদিকদের কথা আলাদা। কিন্তু বিশ্বকাপে নিজেদের দল না থাকা দেশের সংবাদিকদের চোখ ও মন এ দুটি দল ছাড়া আর কাদের কাছে বাঁধা থাকবে? বাংলাদেশের সাংবাদিক বলে আমাদের ব্যাপারটা তো আরও স্পর্শকাতর। দেশটাই বলতে গেলে দুই ভাগে বিভক্ত। আর্জেন্টিনা-ব্রাজিল অথবা ব্রাজিল-আর্জেন্টিনা। দুই দলের খবর সংগ্রহের জন্যই সমানভাবে ছুটতে হয়। লিখতে গেলেও ভারসাম্য বজায় রাখতে হয়। ব্রাজিলের কোচ দুঙ্গা একেবারে সাংবাদিকদের অগম্য হয়ে রয়েছেন বলে আমি আর্জেন্টিনার দিকে ছুটলাম আগে। প্রথম প্রচেষ্টাটাই সার্থক। খোঁজখবর করে সাংবাদিকদের জন্য ম্যারাডোনার প্রথম উন্মুক্ত অনুশীলন পর্বেই হানা দিলাম। মনের মধ্যে প্রবল উত্তেজনার ঢেউ। ম্যারাডোনাকে দেখব, মেসিকে দেখব, তেভেজ-হিগুয়েইনকে দেখব! ২০০২ বিশ্বকাপ ফাইনালের আগে ইয়োকোহামায় ম্যারাডোনাকে এক ঝলক দেখেছিলাম। তা শুধু দেখাই। প্রায় ‘গোলাকৃতি’ একটা মানুষ জার্নালিস্টস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কিছু কথা বলে ফিরে যাচ্ছেন।এবার পুরো ম্যারাডোনাকে পেলাম, কোচ ম্যারাডোনাকে পেলাম। দেড় ঘণ্টার প্রতীক্ষা শেষে দেড় কিলোমিটারের জনস্রোত ও সাংবাদিক-স্রোতের মধ্যে ভাসতে ভাসতে গেলাম প্রিটোরিয়া হাইপারফরম্যান্স সেন্টারের রাগবি মাঠের কাছে। অনেক উঁচু মাঠটার নিচে দাঁড়িয়ে থাকলাম তীর্থের কাকের মতো। আর্জেন্টাইন খেলোয়াড়দের হই-হুল্লোড় শুনতে পাচ্ছি, কিন্তু তাঁদের দেখতে পাচ্ছি না অনুশীলনের মাঠটা দূরে বলে। কয়েকজন সাংবাদিক উঁকি মেরে যেই না একটু দেখতে গিয়েছেন, অমনি রক্তচক্ষু কাপালিকের মতো হা রে রে করে তেড়ে এল নিরাপত্তারক্ষী। একসময় অনুমতি মিলল ম্যারাডোনার। শ পাঁচেক সাংবাদিকের অরণ্যে অনেকের একেবারে পদপিষ্ট হওয়ার জোগাড়। ওই ভিড়ের মধ্যেও প্রত্যেকের পরিচয়পত্র নিবিড় পর্যবেক্ষণ করে ছাড়া হচ্ছে। কয়েকজন আর্জেন্টাইন সমর্থকও নকল পরিচয়পত্র নিয়ে চলে এসেছেন। ধরা পড়ে গেলেন সেলিয়া মারিয়া নামের এক তরুণী। অনুশীলন মাঠের দিকে খানিক এগিয়ে যাওয়ার পরও মারিয়ার আকুল আর্তি কানে ভাসতে লাগল, ‘আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ডিয়েগো (ম্যারাডোনা) ও লিওকে (মেসি) একনজর দেখেই আমি ফিরে আসব।’ কিন্তু নিরাপত্তারক্ষীদের পাষাণ মন তাতে গলল না।রাগবি স্টেডিয়ামের গ্যালারিতে উঠে ম্যারাডোনাকে প্রথম সুযোগেই খুঁজে নিল চোখ। গাড় নীল রঙের ট্র্যাকসুট পরে বাঁশি মুখে এই গ্রহের অন্যতম সেরা খেলোয়াড়টি। মুখভর্তি দাড়ি। মাঠের পার্শ্বরেখার কাছে আসতে দেখা গেল দাড়িতে ধূসর রেখাও আছে ভালোই। ম্যারাডোনা পাকাপাকিভাবে দাড়ি রেখেই দিলেন তাহলে? মন্দ দেখাচ্ছে না! পাশের দুই আর্জেন্টাইন সাংবাদিক ডিজিটাল ক্যামেরায় ছবি বন্দী করার সময় কথাটা শুনলেন। ভালো লেগে গেল হয়তো কথাটা। হাসতে হাসতে বললেন, ‘হ্যাঁ, ডিয়েগোকে কেমন সন্ত সন্ত (সেন্ট) লাগছে, তাই বলেন!’ কিন্তু আসল ব্যাপারটা মনে হয় অন্য রকম? কী রকম! কথাটা তাঁদেরই, ‘প্রিয় কুকুরটা ওর মুখের ডান দিকটা কামড়ে দেওয়ার পর দাড়ি রাখতে শুরু করল দাগ লুকোতে। এখন হয়তো স্টাইল হিসেবেই নিয়ে নিয়েছে।’ এত সাংবাদিক, সবার নাম মনে রাখা খুব ঝক্কির কাজ। একজনের অ্যাক্রিডিটেশন কার্ডে, যত দূর মনে পড়ে নাম দেখেছিলাম রদ্রিগেজ। আরেকজনের কার্ডটাও দেখার সুযোগ পাইনি।ম্যারাডোনা-দর্শনের পর অবশ্য কর্তব্য হলো মেসিকে খুঁজে দেখা। কিন্তু খেলোয়াড়ের জঙ্গলে তাঁকে পেতে মিনিট দুয়েক লেগে গেল। দূরের পার্শ্বরেখার কাছাকাছি ছিলেন এই গ্রহের বর্তমান সেরা খেলোয়াড়টি। ম্যারাডোনা একটু হাত ইশারা করলেন ভেরনের দিকে। হঠাৎই একটা বল গেল ওই প্রান্তে। আর তখনই উদয় হলেন মেসি, তাঁর সেই ভুবন ভোলানো ড্রিবলিংয়ের জাদু নিয়ে।অনুশীলন উন্মুক্ত ছিল শেষ ১৫ মিনিটের জন্য। কিন্তু সব সমেত আর্জেন্টিনা দলকে পাওয়া গেল মিনিট বিশেকের মতো। অনুশীলন শেষ হতে দলবেঁধে সবাই গ্যালারির নিচের পথ দিয়ে ও পাশের আরেকটা মাঠের দিকে হেঁটে যেতে লাগলেন। গ্যালারির ওপর থেকেই মেসিদের দিকে ছুটে যেতে লাগল জয়ধ্বনি, ‘ভামোস আর্জেন্টিনা’। ওরাও বেরসিক নন। যাঁর কানেই শব্দ পৌঁছালো, হাত নাড়লেন। অভিনন্দন ফিরিয়ে দেওয়াদের দলে মেসিও ছিলেন। ছোটখাটো শরীর। চুলগুলো কানের নিচে নেমে গেছে। মুখে মিষ্টি হাসি। এ হাসিটা শেষ পর্যন্ত আর থাকল না। কেপটাউনে নির্মমভাবে খুন হলো জার্মানদের হাতে।