ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির সাফল্য ধরে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যালেরিয়া নিয়ন্ত্রণে বাংলাদেশ অনেক এগিয়েছে। কিন্তু শতভাগ সফলতা অর্জন করতে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বাড়ানো দরকার। প্রথম আলোর কার্যালয়ে গতকাল শনিবার ব্র্যাক, স্বাস্থ্য অধিদপ্তর ও প্রথম আলোর স্বাস্থ্যকুশল আয়োজিত গোলটেবিল বৈঠকে আলোচকেরা এসব কথা বলেন। বৈঠকে অংশগ্রহণকারী খ্যাতিমান চিকিৎ সক ও বিশেষজ্ঞরা ম্যালেরিয়া নির্মূলে গবেষণাভিত্তিক কর্মকাণ্ড বাড়ানো দরকার বলে মন্তব্য করেন। বিশ্বব্যাপী এইচআইভি/এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে যে আন্তর্জাতিক তহবিল (গ্লোবাল ফান্ড) আছে, তার সহযোগিতায় ২০০৭ সাল থেকে সরকারের ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রমের সঙ্গে ব্র্যাকের নেতৃত্বে ২১টি উন্নয়ন সংস্থা একযোগে ম্যালেরিয়াপ্রবণ ১৩টি জেলায় কাজ করছে। আলোচকেরা বলেন, ২০১৫ সালে যখন গ্লোবাল ফান্ডের সহযোগিতার মেয়াদ শেষ হবে, তখন যেন কর্মসূচিটি মুখ থুবড়ে না পড়ে, সেই প্রস্তুতি এখনই নিতে হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ হুমায়ূন কবির বলেন, গ্লোবাল ফান্ড না থাকলেও সরকারের উদ্যমে ভাটা পড়বে না। কোনো কোনো সময় গ্লোবাল ফান্ডের সহযোগিতা পৌঁছাতে দেরি হয়েছে। কিন্তু সরকার এইচআইভি/এইডসের প্রয়োজনীয় ওষুধের সরবরাহ ঠিক রেখেছে। একইভাবে ম্যালেরিয়া নিয়ন্ত্রণেও সরকার তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির পরিচালক ফারুক আহমেদ বলেন, সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বিশেষ ধরনের মশারি ব্যবহার, দ্রুত রোগনির্ণয় ও চিকিৎ সার ব্যবস্থার মাধ্যমে সবচেয়ে বেশি উপকার পাচ্ছে নারী ও শিশুরা। পাহাড়ি এলাকায় যারা জুম চাষ করছে, এমন প্রাপ্তবয়স্ক মানুষের কাছেও এই সেবা পৌঁছাতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও গবেষক এম এ ফয়েজ বলেন, ম্যালেরিয়ায় মৃত্যুর হার কমেছে। কিন্তু শৈশবে যারা ম্যালেরিয়ায় আক্রান্ত হয়, তাদের মধ্যে পঙ্গুত্বের হার বেশি। ম্যালেরিয়ার সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব মানুষকে বয়ে বেড়াতে হয়। কাজেই রোগটির সংক্রমণ প্রতিরোধ করতে হবে। এম এ ফয়েজ ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচিতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে গত দুই মাসে জটিল ম্যালেরিয়া রোগ নিয়ে ভর্তি হওয়া ৩৭টি রোগীর ১৮ জন ব্র্যাক বা স্থানীয় সরকারি হাসপাতালে যায়নি। এর অর্থ কিছু রোগী দ্রুত রোগনির্ণয় ও চিকিৎ সাসেবা পাচ্ছে না। মৃত্যুর যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে, তাতেও অসংগতি থাকতে পারে।স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ বিভাগের পরিচালক বেনজির আহমেদ বলেন, ম্যালেরিয়া রোগটি ওষুধ-প্রতিরোধী হয়ে জটিল হয়ে উঠতে পারে। সে পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি থাকা প্রয়োজন। তিনি কর্মসূচি সফল করতে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। ময়মনসিংহের হালুয়াঘাটের উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানে কয়েকটি গ্রামে পুরোপুরিভাবে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা গেছে স্থানীয় মানুষের সহযোগিতায়। সীমান্তবর্তী এলাকাগুলোয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণে প্রয়োজনে প্রতিবেশী দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা মান্নান বাঙ্গালী বলেন, ‘শহরাঞ্চলে ম্যালেরিয়ার তেমন কোনো প্রকোপ নেই। কিন্তু ভারতীয় অভিজ্ঞতা মাথায় রেখে আমাদের প্রস্তুতি থাকা প্রয়োজন।’সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক রিদওয়ানুর রহমান কার্যকর এবং দ্রুত রোগনির্ণয় নিশ্চিত করা এবং মানুষকে মশার সংস্পর্শ থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিরউদ্দিন বলেন, তাঁদের জনবল সংকট আছে। এ ছাড়া পর্যাপ্ত নজরদারি বৃদ্ধির ওপরও তিনি গুরুত্ব দেন। গোলটেবিল বৈঠকে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট শামসুন্নাহার একটি প্রবন্ধ উপস্থাপন করেন। ওই প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের তিনটি পার্বত্য জেলাসহ মোট ১৩টি জেলা ম্যালেরিয়াপ্রবণ। ২০০৫ সালে ম্যালেরিয়ায় ৫০২ জন মারা যায়, ২০১০ সালে এই সংখ্যা কমে এসেছে ৩৭ জনে। ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচির উপ-কর্মসূচি ব্যবস্থাপক মো. জহিরুল করিম বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি থেকে চিকিৎ সাসেবা ও কীটনাশকযুক্ত মশারি পেয়েছেন এমন ব্যক্তিদের শতকরা ৮৬ জন তাঁদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম হেড মো. আকরামুল ইসলাম, ব্র্যাকের জেন্ডার জাস্টিস ডাইভারসিটি অ্যান্ড অ্যাডভোকেসি পরিচালক শীপা হাফিজ, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা রাশিদুল হক, বেসরকারি সংস্থা স্কাস-এর চেয়ারম্যান জেসমিন প্রেমা, ভার্ড-এর পরিচালক শহীদউদ্দিন মাহমুদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রোগ্রাম স্পেশালিস্ট মোকতাদির কবীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ও স্বাস্থ্যকুশলের বিভাগীয় সম্পাদক নিপসমের সহকারী অধ্যাপক ইকবাল কবীর।