ম্যালেরিয়ার এক-তৃতীয়াংশ ওষুধই নকল!
ম্যালেরিয়ার সংক্রমণ প্রতিরোধে বিশ্বজুড়ে যেসব ওষুধ ব্যবহার করা হয়, এর এক-তৃতীয়াংশই নকল। এক গবেষণার ফলাফলে এই তথ্য পাওয়ার কথা দাবি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। বিজ্ঞান-বিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত এক নিবন্ধে এই তথ্য তুলে ধরা হয়। জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে বিজ্ঞানীরা এই সংক্রামক রোগ নিয়ে গবেষণা চালান।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ফগারটি ইন্টারন্যাশনাল সেন্টারের গবেষকেরা এই গবেষণা চালান বলে বিবিসি অনলাইনের খবরে জানানো হয়।দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ থেকে ম্যালেরিয়ার সাতটি ওষুধের দেড় হাজার নমুনার ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, এসব ওষুধের অধিকাংশই নিম্নমানের ও নকল। এ ধরনের ওষুধের কারণে ম্যালেরিয়া রোগ প্রতিরোধ ও চিকিত্সা ব্যর্থ হচ্ছে।গবেষকেরা সাব-সাহারা আফ্রিকার ২১টি দেশ থেকে ম্যালেরিয়ার ওষুধের আড়াই হাজার নমুনা পরীক্ষা করেও একই ফলাফল পেয়েছেন। তাঁরা বলছেন, এই তথ্য ম্যালেরিয়া প্রতিরোধের ক্ষেত্রে বিদ্যমান অবস্থার প্রতি সতর্কবার্তা।গবেষকদের ধারণা, ওষুধ পরীক্ষা করে পাওয়া ফলাফল থেকে যে চিত্র পাওয়া গেছে, বাস্তব অবস্থা এর চেয়েও ভয়াবহ হতে পারে। তাঁদের মতে, এসব নকল ওষুধের বিষয়ে বেশির ভাগ ক্ষেত্রে কোনো অভিযোগ করা হয়নি। করা হলেও তা ভুল জায়গায় করা হয়েছে। এমন হতে পারে যে নকল ওষুধের বিষয়টি সংশ্লিষ্ট ওষুধ কোম্পানি গোপন রেখেছে।বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে রয়েছে চীন ও ভারত। এসব দেশে ওষুধের মান নিয়ে বড় ধরনের কোনো পরীক্ষাই হয়নি। কাজেই এসব দেশে প্রকৃত ওষুধের পাশাপাশি প্রচুর পরিমাণ নকল ওষুধও রয়েছে। গবেষক দলের প্রধান গৌরভিকা নায়ার বলেন, বর্তমানে বিশ্বের ৩৩০ কোটি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে রয়েছে। বিশ্বের ১০৬টি দেশে এই রোগের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তিনি বলেন, প্রতি বছর ছয় লাখ ৫৫ হাজার থেকে ১২ লাখ মানুষ ম্যালেরিয়ার সংক্রমণে মারা যায়। মানসম্পন্ন ওষুধের সঠিক প্রয়োগে এই রোগে আক্রান্ত হওয়া ও মৃত্যু এড়ানো সম্ভব।