ম্রো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পার্বত্য অঞ্চলের বান্দরবান জেলাতেই মূলত ম্রো নৃগোষ্ঠীর বসবাস। ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী ম্রো জনসংখ্যা ২২ হাজার ১৭৮ জন। ম্রো ভাষা তিব্বতি-বর্মি ভাষা পরিবারের কুকি-চীন গোত্রভুক্ত। জর্জ গ্রিয়ারসন তাঁর লিংগুইস্টিক সার্ভে অব ইন্ডিয়াতে ম্রো ভাষাকে বর্মি দলের অন্তর্ভুক্ত করেছেন। পার্বত্য চট্টগ্রামের ভাষা-গবেষক সুগত চাকমা জানাচ্ছেন, ‘ম্রোদের ক্রিয়াপদ ও বহুবচন গঠনে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এ ক্ষেত্রে তাদের ভাষার সঙ্গে বর্মি ভাষার চেয়ে কুকি-চীন ভাষাগুলোর অধিক মিল রয়েছে।’বহুদিন ম্রো ভাষার নিজস্ব বর্ণমালা ছিল না। ১৯৮৫-৮৬ সালে ম্রো ভাষাবিজ্ঞানী মেনলে ম্রো এই ভাষার বর্ণমালা উদ্ভাবন করেন। বান্দরবানের প্রত্যন্ত অঞ্চলের সন্তান মেনলে ম্রো দারিদ্র্যের কারণে উচ্চশিক্ষা পাননি। শৈশবে কাজের ফাঁকে বর্মি বর্ণমালা শিখেছেন। ছোটবেলা থেকেই মেনলে লক্ষ করেছেন, ম্রো জনগোষ্ঠীর ভাষা আছে, সমৃদ্ধ ঐতিহ্য আছে, সাহিত্য-সংস্কৃতি আছে—অথচ নিজেদের বর্ণমালা নেই বলে সেসব সংরক্ষণ করা যাচ্ছে না। এই অভাববোধ থেকে তিনি ম্রো ভাষার একটি লিপি তৈরি করেন।১৯৮৭ সালে মেনলের নিজের গ্রাম পোড়াপাড়ায় একটি ম্রো ভাষা শিক্ষাকেন্দ্র চালু হয়। সেখানে পার্বত্য চট্টগ্রামের নানা অঞ্চলের ছাত্ররা ম্রো ভাষা শিখতে আসে। অনেকে মিয়ানমার থেকেও আসে। এই বিদ্যালয়ের ফলে ম্রোদের ৬০ শতাংশ মানুষ নিজ ভাষার সাক্ষরতা লাভ করে। ম্রো ভাষার উন্নয়নে ম্রো চেটের উদ্যোগে শিশুপাঠ্য বই প্রণয়ন করা হয়েছে। কিন্তু নানা কারণে ম্রো ভাষা হুমকির মুখে। জনসংখ্যা ও ভাষাগত দিক থেকে ম্রো জনগোষ্ঠী সংখ্যালঘু হওয়ায় এদের অনেকেই বহুভাষী। মাতৃভাষা ছাড়াও ম্রোদের মধ্যে বাংলা ও মারমা প্রচলিত আছে।ম্রো জনগোষ্ঠীর লোকসংগীত সুপ্রাচীন সুরের উত্তরাধিকার এবং অত্যন্ত শ্রুতিমধুর। এসব গানে অরণ্যের প্রকৃতির রূপ ফুটে ওঠে। ম্রোদের সুখ-দুঃখ, বিরহ-বেদনা, জীবন-জীবিকা ও যুদ্ধের বীরত্বগাথা তাদের লোকসংগীতের প্রধান উপজীব্য। ম্রো ভাষায় অনেকে লেখালেখিও করছেন। ম্রো কবি সিং ইয়ং মুরুংয়ের ‘প্রেণমা কিয়োরী’ বা ‘দেশাত্মবোধ’ কবিতার কয়েকটি লাইন পড়া যাক: ‘কুপ্রেণ ত্লাং বাংলা মাং রং/সাদ লদ নিরুয়া লি-ইয়ং ওয়াং মাং।/প্রেন কম চাক ওয়া আপিয়ো অপা/নি কই ওয়ার কই প্রনমা নিঃইয়ুং।/তাই নাও সাক হন/ প্রেন কম য়োওনা ওয়াই/তংসা কুয়ার হন/নিলং ত্রুয়অ/পিয়োরী পিয়ো পা/ইয়া তেয়াওয়া ওয়াই।’ এর বাংলা অনুবাদ: ‘আমার সোনার বাংলাদেশে/সুবাতাস প্রবাহিত হয় প্রতিনিয়ত।/দেশবাসী উৎফুল্ল চিত্তে দিনানিপাত করে নিজ নিজ কাজে।/ভালোবাসার বন্ধন রেখে/ পাহাড়ি-বাঙালি/এক সঙ্গে/বাস করে/ একই দেশে।’