ম্লাদিচকে আদালতে উপস্থাপন, স্বাস্থ্যগত কারণে শুনানি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসনীয়-সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচকে গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার বেলগ্রেডের একটি আদালতে উপস্থাপন করা হয়। তবে তাঁর আইনজীবীর দাবি অনুযায়ী, নাজুক স্বাস্থ্যগত অবস্থার কারণে ম্লাদিচকে হেগে হস্তান্তরের বিষয়ে শুনানি স্থগিত রাখা হয়েছে।সরকারি আইনজীবীরা জানিয়েছেন, ম্লাদিচ শুনানিতে অংশ নিতে পারবেন কি না, চিকিত্সকেরা তা নির্ধারণ করবেন। এ শুনানির মাধ্যমে রাতকো ম্লাদিচকে হেগের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার বেলগ্রেডের আদালতে শুনানির একপর্যায়ে ম্লাদিচের আইনজীবী মিলোচ সালজিক আদালতকে বলেন, তাঁর মক্কেলের স্বাস্থ্যের অবস্থা নাজুক। তাঁর চিকিত্সা দরকার। এ মুহূর্তে তাঁকে অন্য দেশে পাঠানো উচিত হবে না।ওই আইনজীবী আরও জানান, তাঁর মক্কেল হেগের ট্রাইব্যুনালকে স্বীকৃতি দেন না।সরকারি আইনজীবীরা ধারণা করছেন, ম্লাদিচকে হেগের আদালতে হস্তান্তর করতে এক সপ্তাহ লাগতে পারে। এখন চিকিত্সকেরাই নির্ধারণ করবেন তিনি শুনানিতে অংশ নিতে সক্ষম কি না। সার্বিয়ার পুলিশ গতকাল উত্তর-পূর্বাঞ্চলীয় জেনজানিন শহরের কাছে লাজারোভো গ্রাম থেকে ম্লাদিচকে গ্রেপ্তার করে। প্রায় ১৬ বছর ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। বসনিয়ায় গৃহযুদ্ধ চলাকালে সেব্রেনিত্সা শহরে ঠান্ডা মাথায় কয়েক হাজার মুসলিমকে হত্যার মূল হোতা হিসেবে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।