ম্লাদিচকে কাল আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হবে
সন্দেহভাজন সাবেক বসনীয়-সার্ব যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচকে কাল শুক্রবার প্রথমবারের মতো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সামনে হাজির করা হবে। আইসিসির বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর জানানো হয়েছে। আইসিসির ডাচ বিচারক আলফোনস ওরাই গতকাল বুধবার সকালে এ বিষয়ে একটি আদেশে স্বাক্ষর করেছেন। ম্লাদিচকে ১১টি অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এর মধ্যে বসনিয়া যুদ্ধের সময় সংঘটিত গণহত্যার বিষয়টি অন্যতম।গত মঙ্গলবার সার্ব সরকার ম্লাদিচকে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদলতের কাছে হস্তান্তর করে। তিনি এখন আইসিসির কারাগারে আছেন। ১৯৯২ থেকে ১৯৯৫ সালে বসনিয়া যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনে অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে তাঁকে বিচারের মুখোমুখি করা হবে।রাতকো ম্লাদিচকে গত বৃহস্পতিবার সার্বিয়ার রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বাঞ্চলীয় জেনজানিন শহরের কাছে লাজারোভো গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রায় ১৬ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।