ম্লাদিচের বিচার শুরু হচ্ছে আজ
যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে বসনিয়ার সাবেক সার্ব সেনাপ্রধান জেনারেল রাতকো ম্লাদিচের বিচার শুরু হচ্ছে আজ বুধবার। নেদারল্যান্ডের দ্য হেগে জাতিসংঘের একটি বিশেষ আদালতে তাঁর বিচার অনুষ্ঠিত হবে। আজ আল জাজিরা অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, প্রায় এক বছর আগে সার্বিয়া থেকে গ্রেপ্তার হন ম্লাদিচ। এরপর আন্তর্জাতিক আদালতে বিচারের জন্য তাঁকে নেদারল্যান্ডে প্রত্যর্পণ করা হয়। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধবিষয়ক ১১টি অভিযোগ রয়েছে। এর মধ্যে বসনিয়ায় যুদ্ধ চলাকালে ১৯৯৫ সালে স্রেব্রেনিকায় চলা সপ্তাহব্যাপী গণহত্যা সংঘটনের অভিযোগও রয়েছে। ওই গণহত্যায় সাত হাজারেরও বেশি মুসলমান পুরুষ ও শিশু নিহত হয়। এ ছাড়া সারায়েভোতে অবরোধ সংঘটনেরও অভিযোগ আনা হয়েছে। সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত বিশেষ আদালতে (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) আজ বুধবার ম্লাদিচের বিরুদ্ধে কৌঁসুলিরা বক্তব্য পেশ করবেন।কেউ কেউ বলছেন, ম্লাদিচের স্বাস্থ্যসমস্যার কারণে তাঁর বিচারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে। আত্মগোপনে থাকার সময় একবার তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত অক্টোবরে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন।সার্বিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রাম থেকে গত বছর মে মাসে ম্লাদিচকে গ্রেপ্তার করা হয়। ৭০ বছর বয়সী সাবেক এই সেনাপ্রধানের বিরুদ্ধে ৪৪ মাসেরও বেশি সময় ধরে সারায়েভো অবরোধ করে রাখার অভিযোগ রয়েছে। ওই সময়ে ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়।