মৎস্য ও পশুখাদ্যে ট্যানারির বর্জ্য ব্যবহার বন্ধের নির্দেশ
ট্যানারির বর্জ্য দিয়ে মৎস্য ও পশুখাদ্য তৈরির প্রক্রিয়া বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত হাজারীবাগ এলাকায় এ সংক্রান্ত ব্যবসা ও তৈরি প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত রাখতেও নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত ট্যানারির বর্জ্য মৎস্য ও পশুখাদ্যে ব্যবহার বন্ধ কেন কার্যকরের নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে কারণ দর্শানোর রুল জারি করেছেন। আগামী তিন সপ্তাহের মধ্যে বাণিজ্য, শিল্প, খাদ্য, মৎস্য, স্বাস্থ্যসচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), বিএসটিআইর ব্যবস্থাপনা পরিচালক, বিসিএসআইআরের চেয়ারম্যান এবং বিএসটিআইর পরিচালককে (রসায়ন পরীক্ষক) এর জবাব দিতে বলা হয়েছে।জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারিসহ চার দফা নির্দেশনা দেন।একটি উচ্চক্ষমতাসম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠন করার মাধ্যমে ঢাকাসহ কয়েকটি জেলার পশুখাদ্য উৎপাদনে ট্যানারির বর্জ্যের ব্যবহার বন্ধের পদ্ধতি ও নীতিমালা প্রণয়ন করতে নির্দেশ দেওয়া হয়। আদালত বলেছেন, ১৫ দিনের মধ্যে এ কমিটি গঠন করতে হবে। হাইকোর্ট বিএসটিআইর ব্যবস্থাপনা পরিচালক, বিসিএসআইআরের চেয়ারম্যান ও আইজিপিকে হাজারীবাগ এলাকার মৎস্য ও পশুখাদ্যে ট্যানারি বর্জ্য প্রক্রিয়াসংক্রান্ত কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করতে নির্দেশ দেন। একই সঙ্গে এ সংক্রান্ত প্রতিবেদন ১৫ দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। বাজার থেকে মাছ, মুরগির মাংস ও ডিম সংগ্রহ করে গবেষণাগারে পরীক্ষা করে ক্রোমিয়াম, সিসা ও অন্য ক্ষতিকর উপাদান আছে কি না, তা পরীক্ষা করতে বিএসটিআই ও বিসিএসআইআরকে নির্দেশ দেওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।আদালত চতুর্থ দফার নির্দেশনায় বাজার থেকে ডিম, মাছ ও মুরগির মাংস সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে পরীক্ষা করতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দিয়েছে।