মৎস্য বিতানের মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালেহা বেগম থাকেন ইস্কাটন রোড এলাকায়। পরিবারের রান্নাবান্না ও বাজার করার কাজটা করেন নিজেই। তরিতরকারিসহ বিভিন্ন ভোগ্যপণ্য কেনেন কারওয়ান বাজার থেকে। ওই এলাকা থেকে মাছও কেনেন। তবে তার জন্য বাজারে ঢুকতে হয় না। সালেহা বেগম মাছ কেনেন ২৩-২৪ কারওয়ান বাজারের বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ‘মৎস্য বিতান’ থেকে। এখান থেকে মাছ কেনার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সব সময় ভয়ে থাকি, খাবার খেয়ে কখন কোন অসুখে পড়ি। কারণ, সবকিছুতেই আজকাল কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। সে জন্য মৎস্য বিতান থেকে মাছ কিনি। এখানকার কর্মকর্তাদের দাবি, তাঁদের মাছ ফরমালিনমুক্ত।’মাছে ফরমালিন নেই—এই নিশ্চয়তা পেয়ে সালেহা বেগমের মতো আরও অনেকেই আসেন মৎস্য বিতানে। মাছ বেচাবিক্রির কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ‘মৎস্য বিতান’ সপ্তাহের সাত দিনই খোলা থাকে। এখানে ফরমালিনমুক্ত মিঠা পানির ও সামুদ্রিক মাছ বিক্রি করা হয়। এখানকার বিপণন সহকারী এস এম জয়নাল আবেদীন বলেন, ‘আমরা যেসব মাছ বিক্রি করি, তা ফরমালিনমুক্ত। এসব মাছ রাঙামাটির কাপ্তাই লেক, চট্টগ্রাম, চাঁদপুর, খুলনা, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মৎস্য উৎপাদন প্রতিষ্ঠান থেকে আসে। এখানে ইলিশ, রুই, বোয়াল, কাতল, বাইন, বাইলা, পাঙাশ, ভেটকিসহ ছোট-বড় বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি করা হয়। বাজারের চাহিদা অনুযায়ী মাছের দাম নির্ধারণ করা হয়।’ অন্যান্য বাজারের চেয়ে মৎস্য বিতানে মাছের দাম তুলনামূলক কম রাখা হয় বলে তিনি দাবি করেন। ফরমায়েশ দিলে মৎস্য বিতান কর্তৃপক্ষ ক্রেতাদের পছন্দের মাছ বা বিপুল পরিমাণ মাছ সরবরাহ করে থাকে।কারওয়ান বাজারে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের নিজস্ব ভবনের ‘মৎস্য বিতান’ ছাড়াও তাদের চারটি কাভার্ড ভ্যানের মাধ্যমে নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাছ বিক্রি করা হচ্ছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের নারায়ণগঞ্জের পাগলা কেন্দ্র এই গাড়িগুলো পরিচালনা করছে। এই কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক গণেশ চন্দ্র ভৌমিক বলেন, ‘নগরবাসীকে ফরমালিনমুক্ত মাছ সরবরাহ করার চেষ্টা করছি।’সপ্তাহের প্রতিদিনই মাছ নিয়ে কাভার্ড ভ্যানগুলো সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নগরের ধানমন্ডির সাত মসজিদ রোডের কাছে শংকর বাসস্ট্যান্ড, ধানমন্ডি ১৫ ও ৩২ নম্বর সড়কের কাছে মিরপুর সড়কে থাকে।এদিকে কারওয়ান বাজারের মৎস্য বিতানে রবি থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাছ বিক্রি করা হয়। শুক্রবার সকাল নয়টা থেকে সাড়ে ১২টা ও শনিবার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এটি খোলা থাকে।# মৎস্য বিতানের মাছ কেনা বিষয়ে যোগাযোগের টেলিফোন নম্বর: ৮১৩০৮২৪ (বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন ভবন, ২৩-২৪, কারওয়ান বাজার)।