মৎস্য ভবনে মাছের জাদুঘর
সেগুনবাগিচায় মৎস্য ভবনের ১০ম তলা। এখানে কক্ষগুলোর মাঝের খালি জায়গায় চোখে পড়ল মাছসহ নানা জলজ প্রাণী। তবে এগুলো জীবন্ত নয়। বড় কাচের জারে রাখা আছে এগুলো। তাকের ওপর রাখা আছে জারগুলো। যাঁরা মাছ চেনেন না, তাঁরা সহজেই এগুলো দেখে মাছের নাম, আকার-আকৃতি জেনে নিতে পারেন। কারণ মাছগুলোর নাম-পরিচয়ও দেওয়া আছে জারের গায়ে। মৎস্য ভবনের মাছের জাদুঘরের অংশ হিসেবেই জারে সংরক্ষণ করা হচ্ছে বিভিন্ন জলজ প্রাণী।মৎস্য অধিদপ্তরের ‘ইন্টিগ্রেটেড প্রটেক্টেড এরিয়া কো-ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর (আইপেক) পরিচালক সৈয়দ আলি আজহার জানান, অনেক জলজ প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। অনেক প্রাণী বিলুপ্তির পথে। এগুলোর নমুনা খুঁজে পাওয়া দায়। তাই মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করা জরুরি। একটি জাদুঘরের মাধ্যমে এ কাজটা ভালোভাবে হতে পারে। এ জন্যই অধিদপ্তর একটি জাদুঘর তৈরির উদ্যোগ নিয়েছে। এরই প্রথম ধাপে সংগৃহীত হয়েছে এসব মাছ। ২০০৯ সালে প্রথম মৎস্য ও জলজ প্রাণীর জাদুঘর তৈরির চিন্তাভাবনা হয়। ২০১০ সালে এ পরিকল্পনা চূড়ান্ত রূপলাভ করে।বর্তমানে অধিদপ্তরের সংগ্রহে মিঠাপানির মাছ আছে ১৫৬টি। এর মধ্যে ২৫টির মতো মাছ বিলুপ্তির পথে। লোনা পানির মাছ আছে ১৫০ প্রজাতির। তাদের সংগ্রহে সামুদ্রিক প্রাণীও আছে। এর মধ্যে আছে অক্টোপাস, শুশুক, হাঙর প্রভৃতি।জাদুঘর স্থায়ী কক্ষ পাবে কবে—জানতে চাইলে সৈয়দ আলি আজহার জানান, স্থায়ী জাদুঘরের জন্য কক্ষ বরাদ্দ হয়েছে। আগামী বছরের শুরুর দিকে স্থায়ী জাদুঘর হবে। তখন আয়েশ করে দেখা যাবে মাছের সংগ্রহ। এখনো যে কেউ দেখে নিতে পারেন মৎস্য অধিদপ্তরের মাছের সংগ্রহ।