মৎস্য হ্যাচারিটি ধ্বংসের মুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় লোকবলের অভাবসহ নানা সমস্যায় জর্জরিত সুনামগঞ্জের একমাত্র মৎস্য হ্যাচারির কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। হাওর এলাকা হিসেবে পরিচিত সুনামগঞ্জের জন্য এই হ্যাচারি খুবই গুরুত্বপূর্ণ হলেও এটি রক্ষায় সরকারের কোনো পরিকল্পনা নেই।খোঁজ নিয়ে জানা গেছে, সুনামগঞ্জ-সিলেট সড়কের ২৫ কিলোমিটার দূরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ এলাকায় ১৯৯৬ সালে ‘কার্প হ্যাচারি কমপ্লেক্স’ স্থাপিত হয়। একই সময় কিশোরগঞ্জ এবং সিলেটের হবিগঞ্জে আরও দুটি হ্যাচারি হয়। সুনামগঞ্জের হ্যাচারিতে রেণু ও পোনা উৎপাদন শুরু হয় ১৯৯৮ সালে। ছয় কোটি টাকা ব্যয়ে ২৫ একর ভূমির ওপর গড়ে তোলা এই হ্যাচারি কমপ্লেক্সের ১৩ একরজুড়ে ছোটবড় ১৮টি পুকুর রয়েছে। এ ছাড়া একটি হ্যাচারি বিল্ডিং, চারটি সার্কুলার ট্যাংক, পাঁচটি সিস্টার্ন ট্যাংক, একটি ডরমেটরি হাউস, একটি গুদাম, একটি অফিস ভবন ও একটি আবাসিক ভবন রয়েছে।হ্যাচারি সূত্রে জানা গেছে, এখানে সব মিলিয়ে ১৯টি কর্মকর্তা ও কর্মচারীর পদ আছে। এর মধ্যে বর্তমানে মাত্র দুজন আছেন। তাদের মধ্যে একজন হলেন হ্যাচারি কর্মকর্তা ও একজন ফিশারম্যান। বাকি ১৭টি পদই দীর্ঘদিন ধরে শূন্য। শুরু থেকেই ফিশারি কর্মকর্তা ও উপসহকারীর পদটি শূন্য।সরেজমিনে দেখা গেছে, পাঁচটি সারকুলার ট্যাংকের মধ্যে দুটিতে এবং চারটি সিস্টার্ন ট্যাংকের মধ্যে আরও দুটিতে রেণু উৎপাদনের কাজ হচ্ছে। বাকিগুলো অকেজো পড়ে আছে। অকেজো ট্যাংকগুলোর নিচে ফুটো হয়ে যাওয়ায় এগুলোতে পানি থাকে না। হ্যাচারি এলাকায় দুটি গভীর নলকূপ ছিল। এই নলকূপগুলোও অনেক দিন ধরে বিকল হয়ে আছে। বিকল্প হিসেবে ভাড়া করা পাম্প দিয়ে পানি তুলে কাজ চালানো হচ্ছে। এ ছাড়া গুদামঘর ও কর্মচারীদের আবাসিক ভবনের দরজা-জানালা ভাঙা। হ্যাচারি এলাকার পূর্বদিকের সীমানাপ্রাচীরের প্রায় ৫০০ ফুট ২০০৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আর মেরামত করা হয়নি। নানা মূল্যবান যন্ত্রপাতি এদিক-সেদিক পড়ে আছে। মূল ফটকেও কোনো নিরাপত্তাকর্মী নেই।হ্যাচারি কর্মকর্তা শাহজাহান আনিসুর রহমান জানান, হাওর এলাকায় মাছের উৎপাদন বাড়াতে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। এখান থেকেই মাছের পোনা জেলার বিভিন্ন হাওরে ছাড়ার কথা। কিন্তু নানা কারণে সে উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে না। সুনামগঞ্জের সদর, জামালগঞ্জ, দিরাই, ছাতক, জগন্নাথপুর উপজেলার লোকজন এখান থেকে রেণু পোনা সংগ্রহ করেন। এখান থেকে স্থানীয় বিভিন্ন এলাকার ক্ষুদ্র হ্যাচারি মালিক ও মাছ চাষে আগ্রহীদের পরামর্শ এবং সহযোগিতা দেওয়ার কথা। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে সে কাজও হচ্ছে না। রাতে দুজন দৈনিকভিত্তিক লোক দিয়ে হ্যাচারি পাহারা দেওয়া হয়। লোকবলের অভাবই এখানে বড় সমস্যা বলে তিনি জানান। কর্মকর্তা আরও জানান, শহর থেকে হ্যাচারিটি বেশ দূরে হওয়ায় এখানে কোনো কর্মকর্তা-কর্মচারী থাকতে চান না। এখানে কাউকে দেওয়া হলেই তিনি আসার পরপরই বদলির জন্য তদবির শুরু করেন। তা ছাড়া এখানে বাড়ি ভাড়া হিসেবে কর্মকর্তা-কর্মচারীর বেতন থেকে যে টাকা সরকারিভাবে কাটা হয় তার পরিমাণও বেশি। এর চেয়ে শহরে বাসা ভাড়া কম। কর্মকর্তাদের যদি বাইরে বাসা ভাড়া নিয়ে থাকার অনুমতি দেওয়া যেত তাহলেও তাঁরা কিছুটা সুবিধা পেতেন। আবার এখানে কোনো স্কুল নেই যে পরিবারপরিজন নিয়ে এলে বাচ্চাদের লেখাপড়া করানো যাবে। এ রকম নানা কারণেই কর্মকর্তা-কর্মচারীরা এখানে থাকতে চান না।আনিসুর রহমান জানান, এবার হ্যাচারিতে ছয় লাখ পোনা ও ১০০ কেজি রেণু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা রয়েছে। পাশাপাশি দুই হাজার কেজি ব্রড মাছ (বাবা মাছ) বেসরকারি বিভিন্ন হ্যাচারিতে সরবরাহ এবং ৬০টি পুকুরের মাছ চাষ দেখাশোনাসহ ৬০ জন স্থানীয় মাছচাষিকে প্রশিক্ষণ ও ১০০ থেকে ১৫০ চাষিকে পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু প্রয়োজনীয় লোকবলের অভাবে এই লক্ষ্যমাত্রা পূরণে সমস্যা হবে বলে জানান তিনি।হ্যাচারিতে কর্মরত একমাত্র ফিশারম্যান মোখলেছুর রহমান বলেন, ‘আমার বাড়ি এখান থেকে ৪০০ কিলোমিটার দূরে। এত দূরে চাকরি করা কঠিন। বদলি হওয়ার চেষ্টা করছি, কিন্তু লোক না থাকায় পারছি না। একটি ভাঙা ভবনে একা থাকি। খুবই খারাপ লাগে।’ কর্মকর্তা শাহজাহান আনিসুর রহমান বলেন, ‘লোকবল সংকটই এখন বড় সমস্যা। প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে এটাকে আরও গতিশীল করা হলে এলাকাবাসী আরও উপকৃত হতো। তা ছাড়া যেসব ভবন ও যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোও মেরামত করা প্রয়োজন। প্রয়োজনীয় সহায়তা দেওয়া হলে এলাকায় মাছের উৎপাদন বৃদ্ধি ও স্থানীয়ভাবে লোকজনকে মাছ চাষে উদ্বুদ্ধ করতে এই হ্যাচারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ জানান, যে উদ্দেশ্যে এটি করা হয়েছিল তা বাস্তবায়িত হচ্ছে না। নানা কারণে এর কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে। এ জন্য সরকারের অবহেলা অনেকাংশে দায়ী। একইভাবে বিভিন্ন সময় কর্মকর্তাদের অনিয়মের কারণেও এলাকাবাসী এর সুফল থেকে বঞ্চিত।ফারুক আহমদ আরও বলেন, ‘শুধু কাগজ-কলমে নয়, হাওরবাসীর স্বার্থে প্রকল্পটি আবার চাঙা করতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া দরকার।’