প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যজীবীদের কাছে নগদ উৎসাহ ভাতা ও অন্যান্য সরকারি সহায়তা দ্রুত পৌঁছে দিতে কৃষি কার্ডের মতো মৎস্যজীবী কার্ড প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল বুধবার সকালে ওসমানী মিলনায়তনে ‘জাতীয় মৎস্য সপ্তাহ ২০১০’-এর উদ্বোধনকালে এই নির্দেশ দেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী মৎস্য খাতের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন, এ বছর মৎস্য উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা ২৯ লাখ মেট্রিক টন অর্জন করতে হবে।’ তিনি এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, গ্রামে গ্রামে চাষিদের চাহিদা অনুযায়ী মৎস্যচাষ প্রযুক্তি ও সম্প্রসারণসেবা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে মাঠকর্মী নিয়োগের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. শরফুল আলম এবং ধন্যবাদ জানান মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. মজিবুর রহমান।এবারের মৎস্য সপ্তাহের স্লোগান হচ্ছে ‘মাছের উৎপাদন বৃদ্ধি করো, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করো’।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মাছ ছাড়া বাঙালির জীবন চিন্তাই করা যায় না। কেবল অভ্যাসের কারণেই নয়, মাছ আমাদের প্রাণিজ আমিষের ষাট শতাংশ জোগান দেয়। কিন্তু সেই মাছ দিনে দিনে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। এর কারণ, চাহিদার তুলনায় মাছের উৎপাদন হচ্ছে কম।’ তিনি বলেন, ‘আমাদের দেশে একজন মানুষ দৈনিক ৩৩ গ্রাম হিসাবে বছরে ১২ কেজি মাছ খেতে পারে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। অথচ বাংলাদেশ নদ-নদীর দেশ। আমাদের আট লাখ হেক্টরের অধিক নদ-নদী, এক লাখ হেক্টরের বেশি হাওর-বাঁওড় ও খাল-বিল রয়েছে। এ ছাড়া রয়েছে বিশাল সমুদ্রসীমা। কিন্তু আজ দেশের বেশির ভাগ নদী ভরাট হয়ে যাচ্ছে, নাব্যতা হ্রাস পাচ্ছে। নষ্ট করা হচ্ছে জলাভূমি।’শেখ হাসিনা বলেন, শিল্প ও পারিবারিক বর্জ্য ফেলার কারণে যেখানে পানি আছে, সেখানেও মাছ উৎপাদিত হচ্ছে না। কারণ দূষিত পানিতে মাছ যেমন বাঁচতে পারে না, তেমনি ডিমও ফোটাতে পারে না। এ কারণে আস্তে আস্তে মাছের প্রাকৃতিক আবাসভূমিগুলো মাছশূন্য হয়ে পড়ছে।প্রধানমন্ত্রী বলেন, একসময়ে অভ্যন্তরীণ জলাশয় থেকে প্রাপ্ত শতভাগ মাছই প্রাকৃতিকভাবে উৎপাদিত হতো। অথচ বর্তমানে তা কমে ২০ শতাংশে দাঁড়িয়েছে। আমাদের প্রায় দেড় কোটি মানুষের জীবন-জীবিকা মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল। সরাসরি ১৩ লাখ মৎস্যজীবী সার্বক্ষণিকভাবে এই পেশায় নিয়োজিত রয়েছেন। মৎস্যচাষিরা যাতে গুণগত মানের পোনা পেতে পারে, সে জন্য মৎস্য হ্যাচারি আইন অনুমোদনের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘জাল যার, জলা তার’নীতির ভিত্তিতে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি-২০০৯ অনুমোদন করা হয়েছে।শেখ হাসিনা জাতীয় মাছ ইলিশের সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়ে বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় মাছ।’ তিনি ডিমঅলা ইলিশ ও জাটকা নিধন রোধে সরকারের নেওয়া ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘এ জন্য মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত খাদ্য-সহায়তার ব্যবস্থা করা হয়েছে।’মৎস্য ও মৎস্যজাত পণ্য বিশেষ করে চিংড়ি রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মানসম্পন্ন চিংড়ি ও মৎস্যজাত পণ্য উৎপাদনের লক্ষ্যে ইতিমধ্যে মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যক্রমকে জোরদার করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি অধিক মুনাফালোভী কিছু রপ্তানিকারকের অপকর্মের কথা উল্লেখ করে বলেন, এঁদের কারণে একদিকে যেমন চিংড়ি রপ্তানি হ্রাস পায়, তেমনি দেশের ভাবমূর্তিও নষ্ট হয়। তিনি মৎস্য উৎপাদনের পাশাপাশি মুক্তা, ঝিনুক ও শামুক চাষের ওপরও গুরুত্বারোপ করেন।এর আগে প্রধানমন্ত্রী মৎস্য উন্নয়নে অবদান রাখার জন্য ১৬ ব্যক্তি ও সংগঠনের মধ্যে পুরস্কার বিতরণ করেন।