মৎস্যমাতাপুরাণ
ছোট্ট মেয়েটার নাক বোঁচা। কপালটা একটু বসা, আর চোখ দুটো কুতকুতে। গায়ের রং ফরসা হলে তাকে জাপানি বা চীনা বালিকা বলে চালিয়ে দেওয়া যেত। শ্যামলা বলে আদিবাসীদের মতো লাগছে। চেয়ারে বসেই সে টেনে নিয়েছে টেবিলে রাখা স্লিপ কাগজ, কোনাগুলো ভাঁজ করছে মনোযোগ দিয়ে, যেন কিছু একটা বানাবে। সঙ্গে আসা মেয়েটিকে জিজ্ঞেস করি, কী হয় আপনার? মেয়ে। সে উত্তর দেয় নির্বিকার ভঙ্গিতে। শুনে প্রথমে বিশ্বাস হতে চায় না আমার। মা-টি নিজেই খুব অল্পবয়স্ক, বড়জোর আঠারো বা উনিশ হবে, চেহারাটাও বেশ সুন্দর। বেশ ফরসা, টানা চোখ, রীতিমতো আকর্ষণীয়া। এই শিশুর মা বলে মনেই হয় না তাকে। পরনে একটা কড়া রঙের সালোয়ার-কামিজ, লাল ওড়না দিয়ে মাথা ঢেকে রেখেছে। ঠোঁটে লাল লিপস্টিক। হাত বাড়িয়ে কয়েকটি রিপোর্ট ধরিয়ে দিল—এইগুলা দেখেন। আপনার কাছে পাঠাইছে আগের ডাক্তার।কাগজগুলো হাতে নিয়ে মনটা খারাপ হয়ে গেল। এতটুকু মেয়ের ডায়াবেটিস! রক্তের সুগার খালি পেটে ১৫ ছাড়িয়ে গেছে। আরও খারাপ কথা, ডায়াবেটিসটা হয়েছে থ্যালাসেমিয়ার কারণে। জন্মের পর থেকে বারবার রক্ত দেওয়ার ফলে শরীরের বিভিন্ন জায়গায় জমে গেছে আয়রন। ইনসুলিন উৎপন্নকারী গ্রন্থি অগ্ন্যাশয়ও বাদ পড়েনি তা থেকে। আর তাই কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে অগ্ন্যাশয়ের, ইনসুলিন তৈরি করতে পারছে না আর। থ্যালাসেমিয়া এমনিতেই ভারি জটিল রোগ, তার ওপর ডায়াবেটিস, আর আয়রন জমে ইতিমধ্যে হয়তো বেশ ক্ষতি হয়ে গেছে এর যকৃৎ ও মস্তিষ্কেরও। গোটা ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বলি, যেহেতু সুগার অনেক বেশি আর শিশু, তাই ইনসুলিন ইনজেকশন ছাড়া আর কোনো উপায় নেই। আজ থেকেই শুরু করতে হবে তা এবং সারা জীবনই চলবে।আমাকে অবাক করে দিয়ে হাই তুলল মেয়েটা, দাম কত হইব ইনজেকশনের? আশ্চর্য, ছোট্ট একরত্তি মেয়ের এই এতগুলো খারাপ সংবাদে একটুও ভাবান্তর নেই মায়ের, চিন্তা কেবল দাম নিয়ে? ডায়াবেটিস হয়েছে, ইনসুলিন লাগবে—এই সংবাদ পেয়ে টেবিলের ও প্রান্তে অনেক বড় বড় এবং বাঘা বাঘা লোককেও ভেঙে পড়তে দেখেছি আমি, যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে তাদের, আর শিশু বিশেষ করে মেয়েশিশুদের বাবা-মার তো কথাই নেই। আর এই মেয়েটি নির্বিকার!পুরো সন্ধ্যা বারবার মনে পড়ছিল শিশুটির কথা। আর তার অদ্ভুত মায়ের কথাও। যতই ভাবি নিত্যদিনের কাজকে সম্পূর্ণ পেশাদারির সঙ্গেই মোকাবিলা করব, অপ্রয়োজনীয় কোনো দ্বন্দ্ব বা চিন্তার জালে জড়াব না নিজেকে, তবু এসব ঘটে। কখনো সব পাওয়া কোনো বিরাট সফল মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলেন, আমাকে হাসপাতালে ভর্তি দিন ডাক্তার, অন্তত কারও হাতে মরতে পারব, একা একা মরতে বড় ভয় করে; কখনো সন্তানপ্রত্যাশী তরুণী মাথা নুয়ে বলে চলে ছোটবেলায় ঘটে যাওয়া কোনো ভয়ংকর স্মৃতির কথা, যা সে আর কাউকে বলেনি, অনেক প্রত্যাশা চোখে কিশোরীর মা যখন শোনে তার মেয়ে টার্নার অর্থাৎ পূর্ণাঙ্গ নারী হতে পারবে না কখনো কেননা তার একটি এক্স ক্রোমোজমই নেই, সেসব বিহ্বল মুহূর্ত কেন যেন হঠাৎ হঠাৎ চেতনাকে অসাড় করে দেয়, বিপর্যস্ত করে তোলে ব্যক্তিগত জগৎকে। আমার এসব ভালো লাগে না। কী বিরক্তিকর! এই মেয়েটি, যার নাম ছিল দোলা, তার ঘটনাটাও তেমন। মাঝে মাঝেই দোলাকে নিয়ে আসতে লাগল তার মা। একরাশ বিরক্তি আর ক্লান্তি তার চোখে-মুখে, যেন মেয়েটা তাকে বিরাট বিপদে ফেলেছে, এই বিপদ থেকে মুক্তি পেলেই বাঁচে। থ্যালাসেমিয়ার শিশুদের মাস বা পক্ষকাল পর পরই এক ব্যাগ করে রক্ত লাগে, আর সেই রক্ত জোগাড় করা অনেক ঝামেলার কাজ বটে, তা ছাড়া নিয়মিত ডায়াবেটিস মাপা ও ইনসুলিন ইনজেকশন দেওয়ারও হ্যাপা আছে মানি, কিন্তু এখনো মা বলতে আমরা সন্তানের জন্য সব সইতে পারা একজন নারী বলেই তো জানি। অন্তত সে রকমই আশা করি। কিন্তু, তাই তো, একদিন ভাবি, তাই বা কেন হবে? বাবাদেরও তো দায়িত্ব আছে, নাকি? সব ভার কি মার একার? তাই একদিন কৌতূহলবশে জিজ্ঞেস করি, দোলার বাবা কোথায়? তিনি কী করেন? কেন কখনো আসেন না তিনি?জবাবে দোলার তরুণী মায়ের চোয়াল শক্ত হয়, জানি না। এমন জবাবে চুপ করে যাওয়া নিয়ম হলেও মরিয়া আমি, কী জানেন না? তার সঙ্গে আপনার সম্পর্ক নেই? না থাকলেও মেয়ের চিকিৎসায় তার এগিয়ে আসা উচিত।রহস্যময়ী তরুণী এবার ঠোঁট বেঁকিয়ে হাসল, সে যে কে, তাও তো জানি না।আর বেশি কৌতূহল অশোভন। তাই চুপ করে যাই।আরও কয়েক মাস পর দোলাকে ভীষণ অসুস্থ অবস্থায় ভর্তি করতে হলো। পুরো শরীরে বাসা বেঁধেছে আয়রন—লিভারে, ব্রেনে, থাইরয়েডে। এদিকে প্রবল রক্তশূন্যতা। মেয়েটা আর বাঁচবে না। অথচ এই মৃত্যুপথযাত্রী শিশুকে ফেলে মা রোজ বাড়ি চলে যাচ্ছে। হঠাৎ হঠাৎ দেখা মিলছে তার। দুপুরে বা বিকেলে। সন্ধ্যার পর আবার হাওয়া। নার্স, ওয়ার্ডবয় সবাই বিরক্ত। দোলাকে কে দেখাশোনা করবে? মুশকিলে পড়া গেল। আরএমও বললেন, একে ডিসচার্জ দিয়ে দিন। অ্যাটেন্ড করার কেউ নেই। কখন কী হয়! দোলার মাকে বলে কোনো লাভ হয় না। সে চুপ করে থাকে, মেয়েকে নিয়েও যায় না। শেষ পর্যন্ত একদিন দোলা মারা গেল। যাবেই, সবাই জানত। আর মারা যাওয়ার সময় যে পাশে মা থাকবে না, তাও যেন সবাই জানত। বিকেলে মেয়েকে দেখতে এসে অনেকক্ষণ নির্বাক বসে রইল মা। নার্সরা অনেক কথা শোনাল। ক্লিনাররাও ছাড়ল না। যা মুখে আসে তা-ই বলল সবাই। শুনতে শুনতে অনেকক্ষণ চুপচাপ বসে থেকে শুকনো চোখে এক সময় উঠে দাঁড়াল নিষ্ঠুর মেয়েটা। সারা শরীরে ক্লান্তি আর অবসাদ। ফরসা মুখে কোনো ভাঁজ নেই। চোখ দুটো খটখটে। পা টেনে টেনে এল চেম্বারে। দরজাটা ধরে দাঁড়াল। আমি মুখ ফিরিয়ে নিলাম রাগে। মরে যাওয়ার সময় মেয়েকে একটুখানি বুকে জড়িয়ে রাখতে কী সমস্যা ছিল ওর? আর কীই বা চেয়েছিল শিশুটি এই পৃথিবীতে? এতই যখন ঘৃণা, তবে একে জন্ম দেওয়া কেন?আমি একটা খারাপ মেয়েমানুষ ম্যাডাম, মেয়েটা মুখ খোলে এবার, কার সাথে কোন ভুলে যে এই বাচ্চাটা পেটে আসছিল টের পাই নাই। কিন্তু ক্যান জানি ফেলেও দিতে পারি নাই। নয় বছর ধইরা এই মেয়েটারে ঘাড়ে নিয়া বেড়াইতেছি। দুই সপ্তাহ পরপর রক্ত জোগাড় করা, রাজ্যির ওষুধপত্র, ডাক্তারের ফি, হাসপাতালের টাকা, ইনসুলিন ইনজেকশন। আর কত? এত রোজগার করতে হইলে দিনে-রাইতে কতবার শুইতে হয় কন? কার না কার রক্তে কী রোগ আছিল, থ্যালাসেমিয়ার বীজাণু, তার চেহারাও মনে নাই, অথচ তার যন্ত্রণা আমারেই বইতে হইব ক্যান? মাঝে মাঝে মনে হইত গলা টিপা মাইরা ফেলি। পারতাম না, কারণ, সে ছাড়া এই জগতে আমার আর কেউ ছিল না। আইজ সেও আমারে ছাইড়া গেল। আমার কত শান্তি! আমার পরানটা জুড়াইল।বলতে বলতে কাঁদতে শুরু করল সে। এই প্রথমবারের মতো সন্তানের জন্য কাঁদতে দেখলাম মেয়েটিকে। কাঁদতে কাঁদতে সে দরজা ধরে মেঝেতে বসে পড়ছে। একসময় শুয়েও পড়ছে। কিন্তু কেউ তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসছে না। নার্স, ওয়ার্ডবয়, ক্লিনার, অন্য রোগীর লোকজন—সবাই ঘৃণাভরে তাকিয়ে আছে সদ্য সন্তানহারা মায়ের দিকে। হায়, এই দুনিয়ায় এমন হতভাগ্য মাও আছে যার কান্নায় কেউ শামিল হয় না। আর এসব টুকরো টুকরো দৃশ্য, যা একেকটা পেরেকের মতো গেঁথে থাকে চিন্তার জগতের ভেতর, থেকে থেকে ব্যথা করে ওঠে—হায় ঈশ্বর, না চাইলেও কেন যে এসব আমাকে প্রত্যক্ষ করতে হয়!