মড়ার উপর খাঁড়ার ঘা: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে দরিদ্র জনগণের মড়ার উপর খাঁড়ার ঘায়ের শামিল হিসেবে অভিহিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সঙ্গে অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দলটি। আজ শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ কথা জানান।বিবৃতিতে শফিকুর রহমান জানান, এক মাসের ব্যবধানে আবার সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও অনাকাঙ্ক্ষিত। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। মানুষের দুর্ভোগ আরও বাড়বে। সেই সঙ্গে মুদ্রাস্ফীতির চাপ বাড়বে। ফলে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও যানবাহন ভাড়া বাড়বে এবং শিল্পে উত্পাদিত পণ্য ও কৃষিজাত পণ্যের উত্পাদন খরচ বেড়ে যাবে। সরকারের এ সিদ্ধান্ত দরিদ্র জনগণের ওপর মড়ার উপর খাঁড়ার ঘায়ের শামিল।প্রসঙ্গত, গতকাল রাতে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি পাঁচ টাকা বাড়িয়েছে। নতুন দাম অনুসারে ডিজেল ও কেরোসিন তেলের দাম প্রতি লিটার ৫৬ টাকা, পেট্রল প্রতি লিটার ৮৬ টাকা, অকটেন প্রতি লিটার ৮৯ টাকা এবং ফার্নেস অয়েল প্রতি লিটার ৫৫ টাকা।