ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে পুলিশের সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাসের ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্বজিতের ওপর হামলার যে ছবি টেলিভিশনে প্রচারিত হয়েছে, তা দেখে এবং গ্রেপ্তারকৃতদের বক্তব্য শুনে এ প্রশ্ন সামনে এসেছে। পুলিশের সুরতহাল প্রতিবেদনে বিশ্বজিতের শরীরে একটি কাটা ও দুটি জখমের কথা বলা হয়। আর ময়নাতদন্ত প্রতিবেদনে একটি কাটা ও একটি জখমের কথা বলা হয়। বিশ্বজিৎ দাসের সুরতহাল প্রতিবেদনে সূত্রাপুর থানার পুলিশ লিখেছে, ‘কোমরের ওপরে পিঠে হালকা ফোলা জখম দেখা যায়। ডান হাতের পাখনার (বগলের) নীচে আনুমানিক তিন ইঞ্চি কাটা রক্তাক্ত জখম ও বাম হাঁটুর নীচে ছেঁড়া জখম রয়েছে।’ময়নাতদন্ত প্রতিবেদনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চিকিৎসক লিখেছেন, ‘পিঠে ডান কাঁধের (বগলের) নীচে সাড়ে তিন ইঞ্চি চওড়া দেড় ইঞ্চি গভীর একটি ছুরিকাঘাতের জখম এবং বাম হাঁটুর জোড়ায় থেঁতলানো জখম রয়েছে। বগলের নীচে জখমের ফলে তাঁর শরীরের একটি বড় ধমনী কাটা গেছে। শরীরের ভেতরের অঙ্গগুলো স্বাভাবিক ও ফ্যাকাসে এবং হূৎপিণ্ডের দুটি প্রকোষ্ঠই ছিল খালি। ডান কাঁধের নীচে (বগলে) ও বাম হাঁটুতে জখমের চিহ্ন।’বিশ্বজিৎ হত্যা নিয়ে সূত্রাপুর থানার পুলিশ বাদী হয়ে করা মামলার এজাহারে বলা হয়েছে, আইনজীবীদের মিছিল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া ছাত্রদের একটি মিছিল মুখোমুখি হলে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন বিশ্বজিৎ দৌড়ে যেতে থাকলে ২০-২৫ জন মিছিলকারী হাতে চাপাতি, রড, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে ভিক্টোরিয়া পার্কসংলগ্ন উত্তর পাশের পেট্রলপাম্পের মোড়ে তাঁকে চাপাতি দিয়ে কোপ দেয়। প্রাণে বাঁচতে বিশ্বজিৎ পাশের একটি মার্কেটের দোতলায় একটি দন্ত চিকিৎসালয়ের বারান্দায় যান। সেখানেও হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি আঘাত করেন। বিশ্বজিৎ নিচে নেমে আসার পরেও তাঁকে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। তদন্তসংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা বলেন, বিশ্বজিৎকে এলোপাতাড়ি কোপানোর কথা ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বীকার করেছেন। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে একটি মাত্র ছুরিকাঘাতের জখম ও পায়ে একটি জখমের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু টিভিতে তাঁকে যেভাবে পেটানোর দৃশ্য দেখা গেছে, তাতে তাঁর শরীরে অনেক ‘নীলা-ফোলা’ জখম থাকার কথা ছিল। ময়নাতদন্ত প্রতিবেদনে তার কিছু নেই। এতে আসামিদের আইনের ফাঁক দিয়ে বেঁচে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে আশঙ্কা করেন ডিবি কর্মকর্তারা। কয়েকজন কর্মকর্তার মতে, হামলাকারীদের রক্ষা করতেই এ ধরনের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে।যোগাযোগ করা হলে ময়নাতদন্তকারী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের শিক্ষক মাকসুদুর রহমান দাবি করেন, বিশ্বজিতের শরীরে বড় ধরনের একটি ছুরিকাঘাত ছিল, দু-একটি ছিল ছোটখাটো। ময়নাতদন্তের প্রতিবেদনে সব কটিই উল্লেখ করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশের সুরতহাল প্রতিবেদনেও এ ধরনের আঘাতের উল্লেখ আছে।তবে সংশ্লিষ্ট তদন্তকারীরা বলছেন, সুরতহাল হলো মৃতদেহের ভৌতাবস্থার বিবরণ। একজন পুলিশ কর্মকর্তা যে অবস্থায় দেহটি পান, সে অবস্থার বিবরণ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন। এমনকি মৃতদেহ পরিষ্কার করারও সুযোগ থাকে না সুরতহাল প্রতিবেদন তৈরির সময়। ময়নাতদন্তকারীরা মৃতদেহ পরিষ্কার করে, খুঁটিয়ে খুঁটিয়ে ভেতর-বাহির পরীক্ষা করেন। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে—তা সুরতহালে দৃষ্টি এড়াতে পারে, তবে ময়নাতদন্তে তা এড়ানোর কথা নয়।জানতে চাইলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক প্রথম আলোকে বলেন, বিশ্বজিতের শরীরে বেশ কয়েকটি নীলা ফোলা জখম ও ধারালো অস্ত্রের আঘাত ছিল। কিন্তু রক্তে পুরো শরীর ভেসে যাওয়ায় অনেক ক্ষত চিহ্নিত করা সম্ভব হয়নি।তবে সুরতহাল প্রতিবেদন কিছু অপ্রাসঙ্গিক তথ্য লেখা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যেমন—বিরোধী দলের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা আদালতপাড়া থেকে আইনজীবীরা একটি মিছিল বের করেন। একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আরেকটি মিছিল বের হয়। মিছিল দুটি মুখোমুখি হলে সেখানে ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন বিশ্বজিৎ দৌড়ে যাওয়ার সময় কয়েকজন তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন।ঢাকা মহানগর পুলিশের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, আইন অনুযায়ী সুরতহাল প্রতিবেদনে লাশের পা থেকে মাথা পর্যন্ত ভৌতাবস্থার বর্ণনা থাকবে। শরীরের বাহ্যিক কোন অঙ্গটি কীভাবে পাওয়া গেছে, কোনো আঘাত বা দাগের চিহ্ন আছে কি না ইত্যাদি বিষয় এখানে উল্লিখিত হয়। মৃত ব্যক্তির আচরণ কেমন ছিল, পরিস্থিতি কেমন ছিল—এসব তথ্য সুরতহালে অপ্রাসঙ্গিক।