ময়নাতদন্ত প্রতিবেদনই পুলিশের ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মুগদা এলাকায় গত ২৮ জুলাই অগ্নিদগ্ধ হওয়া রেশমা আক্তার (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। পরিবারের অভিযোগ, এই গৃহবধূর গায়ে আগুন দিয়ে তাঁর স্বামী খুন করেন। তবে স্বামীর পক্ষ থেকে এ ঘটনাকে আত্মহত্যা বলে দাবি করা হয়। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুদ্দৌলা প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনের পর এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে। ২৪ আগস্ট রাজধানীর কলাবাগানে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান আসমতউল্লাহ নামের এক ব্যবসায়ী। ঘটনার আট দিন পর থানায় একটি হত্যা মামলা হয়। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে বলেন, কীভাবে এ ঘটনা ঘটেছে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তা জানা যাবে। এসব ঘটনার মতো অন্য সব রহস্যজনক মৃত্যুর ক্ষেত্রে দেখা যায় বেশির ভাগ ক্ষেত্রেই ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে। কিন্তু ময়নাতদন্তকারী ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, ময়নাতদন্ত থেকে এসব ঘটনার ধরন নিশ্চিত করা সম্ভব নয়। আগুনে পুড়ে মারা যাওয়াসহ বেশ কিছু ঘটনার ময়নাতদন্তে হত্যা, আত্মহত্যা বা দুর্ঘটনা কোনো কিছুই উল্লেখ করা হয় না। এটা খুঁজে বের করার দায়িত্ব থাকে পুলিশের ওপর। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান মোখলেসুর রহমান বলেন, কেউ ওপর থেকে পড়ে গেলে, কাউকে ফেলে দিলে বা দুর্ঘটনাবশত কেউ পড়ে গেলে ময়নাতদন্তে সেটা হত্যা না আত্মহত্যা তা জানা সম্ভব নয়। কাউকে আগুনে পুড়িয়ে মারা হতে পারে বা বিষ খাইয়ে মারা হতে পারে। সেটা ময়নাতদন্তের মাধ্যমে নিশ্চিত করার কোনো সুযোগ নেই। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত ময়নাতদন্তের প্রতিবেদনের দুটি অংশ থাকে। একটি মৃত্যুর কারণ এবং অপরটি মৃত্যুর ধরন। আঘাত ও রক্তক্ষরণ হচ্ছে মৃত্যুর কারণ। আর হত্যা, আত্মহত্যা ও দুর্ঘটনা হচ্ছে মৃত্যুর ধরন। পানিতে ডুবে, ওপর থেকে পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, ট্রেনে কাটা পড়ে অথবা পুড়ে গিয়ে কারও মৃত্যু হলে ময়নাতদন্তের প্রতিবেদনে শুধু মৃত্যুর কারণ লেখা হয়। কিন্তু মৃত্যুর ধরন আত্মহত্যা, হত্যা না দুর্ঘটনা তা উল্লেখ করা হয় না। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা পুলিশ কর্মকর্তারা বলছেন, রহস্যজনক মৃত্যু বা এ ধরনের মৃত্যুর ক্ষেত্রে হত্যার অভিযোগ থাকলে বেশির ভাগ ক্ষেত্রে পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদনের ওপরই নির্ভরশীল হয়ে পড়ে। যখন মৃত্যুর ধরন উল্লেখ থাকে না তখনই পুলিশ কর্মকর্তারা ধাঁধায় পড়েন। অনেক ক্ষেত্রে কোনো কিছুর উল্লেখ না থাকলে তাঁরা মৃত্যু হত্যাজনিত নয় বলে ধরে নেন। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে না। রহস্যজনক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্তে কোনো কিছু না এলেও অনেক সময় সাক্ষ্য-প্রমাণের অভাবে মৃত্যুর ধরন শনাক্ত করা যায় না। নিখোঁজ হওয়ার এক দিন পর গত বছর ৫ মে রাজধানীর বনরূপা প্রকল্পসংলগ্ন রেলক্রসিং থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইউবি) ছাত্র তামজিদ রহমান মহানের (২০) ট্রেনে কাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের পক্ষ থেকে একে হত্যার ব্যাপারে অভিযোগ করা হয়। একই বছর ১১ মার্চ মাসে কলাবাগানে ঢাকা মেডিকেল কলেজ স্টাফ কোয়ার্টারের পানির ট্যাংকি থেকে সানজিদা ইসলাম নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়। গত বছর ১৫ মে রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনের পঞ্চমতলা থেকে পড়ে মুক্তা বেগম (১৯) নামের এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়। হাসপাতালে গৃহকর্মীর লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় ভুট্টু শেখ ও মনির হোসেন (২৪) নামের দুজনকে আটক করে পুলিশ। এসব ঘটনার ক্ষেত্রে হত্যার অভিযোগ থাকলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর সবকিছু জানা যাবে। ওই সব ঘটনার ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর ধরনই উল্লেখ করা হয়নি। এ কারণে তদন্তও বেশিদূর এগোয়নি। রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক জোবাইদুর রহমান বলেন, ময়নাতদন্তের মূল উদ্দেশ্যই হচ্ছে মৃত্যুর কারণ খুঁজে বের করা। আর মৃত্যুর ধরন খুঁজে বের করবে পুলিশ। উন্নত বিশ্বে খুনের ক্ষেত্রেও মৃত্যুর ধরন উল্লেখ করা হয় না। তিনি বলেন, ময়নাতদন্তের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা চিকিৎসকের সিদ্ধান্তের ওপর নির্ভর করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার আবদুল্লাহ আল-মাহমুদ বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন কোনো মৃত্যুর ঘটনার তদন্তের সাক্ষ্যের একটি অংশ। কিন্তু এটিই একমাত্র বিষয় নয়। প্রতিবেদনের জন্য অপেক্ষা করে তদন্ত থামিয়ে রাখাও ঠিক নয়।সিআইডির আরেক কর্মকর্তা বলেন, খুন ছাড়া অন্য ক্ষেত্রে ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর ধরন উল্লেখ করা কঠিন। এ জন্য পুলিশি তদন্ত দরকার হয়। তবে এসব মৃত্যুর ধরন নির্ণয়ের জন্য বিভিন্ন কলাকৌশলও পুলিশকে শেখানো হয়। কিন্তু পেশাগত জীবনে তাঁরা এটা প্রয়োগ করেন না। সম্প্রতি সিআইডির এক সমীক্ষায় বলা হয়, বেশির ভাগ কর্মকর্তারই ময়নাতদন্ত প্রতিবেদনের ওপর পর্যাপ্ত জ্ঞান নেই। তাঁরা ময়নাতদন্ত প্রতিবেদনে শুধু চিকিৎসকের মতামতের শেষ অংশ পড়েন। শেষ অংশে ওই ব্যক্তি হত্যা না আত্মহত্যার শিকার হয়েছেন, তার উল্লেখ থাকে। কিন্তু তাঁরা শুধু মতামতের শেষ অংশটুকু নিয়েই তদন্ত শেষ করেন। সিআইডির এক কর্মকর্তা বলেন, যেকোনো মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক ধারণা দিতে হয়। যেমন বিদেশে কেউ কাউকে গুলি করলে কোন দিক থেকে গুলিটি করা হয়েছে তা প্রতিবেদনে উল্লেখ থাকে। কেউ মদ খেয়ে মারা গেলে যে পরিমাণ মদ খেয়েছে তা মৃত্যুর জন্য যথেষ্ট ছিল কি না তারও উল্লেখ থাকে। কিন্তু দেশে প্রচলিত ব্যবস্থায় তা হয় না। ময়নাতদন্ত এমনভাবে করা উচিত যাতে মৃত্যুর ধরন উল্লেখ না করলেও তদন্তকারী কর্মকর্তা যেন কিছুটা হলেও ধারণা পেতে পারেন। সিআইডি কর্মকর্তা আবদুল্লাহ আল-মাহমুদ বলেন, সমস্যা দুই দিক থেকেই। তাই ময়নাতদন্ত ও পুলিশি তদন্ত দুটোকেই যুগোপযোগীকরণ ও আধুনিকীকরণ করতে হবে।সিআইডির প্রধান মোখলেসুর রহমান এ ব্যাপারে বলেন, তদন্তের মান উন্নত করতে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। অনেক কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ জন্য সিআইডির পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।