ময়নাতদন্তকারী ও পুলিশ কর্মকর্তাকে হাজির হতে নির্দেশ
বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা অবরোধে নিহত পথচারী বিশ্বজিৎ দাসের ময়নাতদন্তকারী চিকিৎসক মাকসুদুর রহমানকে কাল বৃহস্পতিবার হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং পরিচালককে বলা হয়েছে।একই সঙ্গে বিশ্বজিতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মো. জাহিদুল হককেও কাল আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এ ছাড়া বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজ এবং সংশ্লিষ্ট পুলিশকে বিশ্বজিত্ নিহত হওয়ার ঘটনার ভিডিও ফুটেজ দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এসব আদেশ দেন। যোগাযোগ করা হলে আজ বুধবার ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘আজ (বুধবার) সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও ময়নাতদন্তকারী চিকিৎসককে আদালতের আদেশের বিষয়টি জানানো হয়েছে। ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে কাল তাঁরা হাজির হবেন।’ বিশ্বজিতের হত্যাকাণ্ড নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্র ধরে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশনা চেয়ে একটি আবেদন করা হয়। শুনানি নিয়ে গত ১১ ডিসেম্বর আদালত হত্যাকাণ্ডের ঘটনায় গণমাধ্যমে যাদের নাম-ছবি প্রকাশিত ও প্রচারিত হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে নির্দেশের পাশাপাশি রুল জারি করেন। জানা যায়, গত রোববার আদালত বিশ্বজিতের লাশের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করতে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ অনুসারে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার প্রতিবেদন দুটি গতকাল দাখিল করেন। পরে দুটি প্রতিবেদন পর্যালোচনা করে আদালত সংশ্লিষ্ট চিকিৎসক ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তাকে কাল সকালে হাজির হতে নির্দেশ দেন।